সমুদ্রে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠাবে ভারত। এমনটাই জানিয়েছে দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের বার্তা সংস্থা এএনআই সূত্রের খবর, বাংলাদেশি জেলেদের নিরাপদে তাদের দেশে ফিরিয়ে দিতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
দু’দিন আগে গত মঙ্গলবার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৭৮ বাংলাদেশি জেলেদেরকে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ওড়িশা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (পারাদ্বীপ) সন্তোষ কুমার জেনা জানিয়েছেন, “ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক বাংলাদেশি জেলেদের পরবর্তী আইনি প্রক্রিয়া ও তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য পারাদ্বীপ পুলিশের হাতে হস্তান্তর করেছিল। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের সকলকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।”
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল) বরাবর টহলদারির সময় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ভারতীয় জলসীমায় কিছু সন্দেহজনক গতিবিধির লক্ষ্য করে। এসময় তারা দু’টি বাংলাদেশি ট্রলারকে আটকায়।
পরবর্তীতে বাংলাদেশি জেলেদের এবং তাদেরকে বহনকারী ওই দু’টি ট্রলারকে এসকর্ট করে পারাদ্বীপ সমুদ্র বন্দরে নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় পুলিশ এবং উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে ওই বাংলাদেশি জেলেদের পরিচয় যাচাই-বাছাই করেন এবং তাতে দেখা যায় দু’টি ট্রলারই বাংলাদেশে নথিভুক্ত রয়েছে। জব্দকৃত বাংলাদেশি ট্রলার দু’টি হলো- ‘এফ ভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। প্রথমটিতে ৪১ জন এবং দ্বিতীয় ট্রলারটিতে ৩৭ জন জেলে ছিলেন।
ডেস্ক রিপোর্ট 



















