বাস্তবায়নের কপ আখ্যা দিয়ে ব্রাজিলের আমাজানের প্রবেশদ্বারখ্যাত বেলেমে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ত্রিশতম আসর।
১৪৫ আলোচ্যসূচী এবং প্রায় ২শ’ দেশের অংশগ্রহণে পর্দা উঠলো জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় আসর জাতিসংঘ জলবায়ু সম্মেলনের। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধিসহ পরিবেশবান্ধব অর্থনীতি ও জীবনাচার নিশ্চিতে প্রথাগত আলোচনা থেকে সরে এসে সময়োপযোগী পদক্ষেপের প্রত্যয় আয়োজক দেশ ব্রাজিলের।
দিনের শুরুতে রীতি অনুযায়ী আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ টুয়েন্টি নাইনের প্রেসিডেন্ট দ্বায়িত্ব হস্তান্তর করেন নতুন প্রেসিডেন্টের কাছে। সেসময় সমমনা উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে উচ্চাভিলাসী অর্থায়ন নিশ্চিত এবং জলবায়ু কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বাস্তুতন্ত্র রক্ষায় বিভেদ ভূলে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানানো হয়।
প্রতিবারের মতো প্রতিশ্রুতির তালিকা তৈরির বদলে, এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরির সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা।
ব্রাজিলের বেলেমে সম্মেলন কেন্দ্র থেকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘অনেক আশা রয়েছে যে, এই সম্মেলন থেকে আমরা ভালো কিছু পাবো। সবারই একটি আশা যে, প্যারিস চুক্তি এবং জলবায়ু সম্মেলনের আগের আসরগুলোতে যেসব আলোচনা ও প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেগুলো যেন ভালোভাবে বাস্তবায়ন করা হয়।’
এদিকে গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনার প্রথম দিনেই প্রধান প্রধান মার্কিন টেলিভিশন নেটওয়ার্কের অনুপস্থিতি নাগরিক দায়িত্বের মর্মান্তিক বর্জন হিসেবে আখ্যায়িত করেছে দ্য গার্ডিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশের মূলধারার মিডিয়ার এই নীরবতা জলবায়ু সংকটের গুরুত্বকে উপেক্ষা করার শামিল।
প্রতিবেদন: মোশাহিদ রনি
ভিডিচিত্র: মেহেদী হাসান
প্রকৃতিবার্তা ডেস্ক 




















