সংসদ নির্বাচনের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনি দয়িত্বে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সভায় জানানো হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে দুই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর মধ্যে প্রথমে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, “আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।”
নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তার বাহিনীর প্রস্তুতি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেছেন বলে জানিয়েছেন শফিকুল আলম।
তিনি বলেন, “পুলিশের মহাপরিদর্শক বলেছেন সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।”
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৬০ হাজার সেনা সদস্য নির্বাচনি দায়িত্বে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে সভায় জানানো হয়েছে।”
প্রশাসনের রদবদল নিয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগে প্রশাসনের রদবদল হবে। সব জায়গায় রদবদল হবে এমন সিদ্ধান্ত হয়নি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।”
সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরী, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, পুলিশের মহপরিদর্শক বাহারুল আলম, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, সশস্ত্রবাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানসগ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















