পটুয়াখালীর মহিপুর থেকে একটি বিপন্ন প্রজাতির ভোঁদড় উদ্ধার করেছে বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের মনোহরপুর গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে ভোঁদড়টি উদ্ধার করা হয়।
প্রাণীটি স্থানীয়ভাবে ‘উদবিড়াল’ নামে পরিচিত, যা বাংলাদেশে বিপন্ন বন্যপ্রাণীর তালিকাভুক্ত।
প্রায় ১৫ দিন ধরে কবির হাওলাদার নামের এক ব্যক্তি ভোঁদড়টিকে শিকল দিয়ে বেঁধে নিজ বাড়িতে লালন-পালন করে আসছিলেন। কবির হাওলাদার বলেন, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার সময় ভোঁদড়টি জালে আটকা পড়ে। পরে স্থানীয়রা প্রাণীটিকে পিটিয়ে আহত করলে তিনি উদ্ধার করে চিকিৎসা ও সেবা-শুশ্রূষা করেন। তবে বন্যপ্রাণী লালন-পালন করা যে শাস্তিযোগ্য অপরাধ, তা তিনি জানতেন না বলে দাবি করেন।
মহিপুর সদর বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ঝিলন মিয়া বলেন, উদ্ধারকৃত ভোঁদড়টি সংরক্ষিত ও বিপন্ন বন্যপ্রাণী। আইন অনুযায়ী, বন্যপ্রাণী আটক বা লালন-পালন করা দণ্ডনীয় অপরাধ। প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশকর্মী কেএম বাচ্চু বলেন, ভোঁদড় আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। অজ্ঞতা ও অসচেতনতার কারণে মানুষ এই প্রাণীকে আটকে রাখছে বা নির্যাতন করছে, যা দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে ভোঁদড়টি উদ্ধার করি। আশা করছি, যথাযথ চিকিৎসা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















