ঢাকা অ্যাটাকে পুলিশ ও অন্তর্জালে চৌকস গোয়েন্দা অফিসার হিসেবে স্ক্রিনে এসে প্রতিবারই তাগ লাগিয়ে দিয়েছেন এবিএম সুমন। এবার তিনি দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী কোস্ট কার্ডের অপারেশন অফিসার হয়ে স্ক্রিনে আসছেন!
উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরব গাঁথা অধ্যায় দেখা যাবে ‘উপকূল’ নামে ফিকশনে। গল্প নির্ভর এই ফিকশনটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।
গেল ১১দিন ধরে দেশের ভোলা, মংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে। নির্মাতা জানান, দেশের প্রায় সব উপকূল অঞ্চলে এর শুটিং হচ্ছে। কোস্ট কার্ডের বিশেষ উপলক্ষে ফেব্রুয়ারিতে এটি মুক্তি দেয়া যাবে।
আবু হায়াত মাহমুদ বলেন, একেবারে সিনেমার মতো করে শুটিং করছি। সুমনসহ আরও কয়েকজন শিল্পী এতে অভিনয় করছেন। কয়েকটি ক্যারেক্টার ঘিরে এর গল্প সাজানো হয়েছে। এই প্রথম বিশ্ববাসী দেখতে পাবেন বাংলাদেশের কোস্ট কার্ডরা উপকূলকে কীভাবে সুরক্ষিত রাখছেন।
তিনি বলেন, গল্পের মধ্যে কোস্ট গার্ডের সমুদ্রে অপারেশন, উদ্ধারকার্য, সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক, আবেগ সবকিছু ফিল্মের মতো তুলে আনছি।
‘উপকূল’ নিয়ে এবিএম সুমনের সঙ্গে আলাপ হচ্ছিল, তিনি শুটিং করছিলেন বাগেরহাটের মংলা বন্দরে। কাজটি নিয়ে বলছিলেন, কোস্ট গার্ড মূলত প্যারা মিলিটারি ফোর্স। সুন্দরবনে দস্যু ধরা, সমুদ্র পেট্রলের জাহাজ, নদীতে জেলেদের নিরাপত্তা, জলদস্যু বা চোরাচালান সবকিছুর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে কোস্ট গার্ড। এর পাশাপাশি তারা দেশের প্রয়োজনে কাজ করতে সবসময় প্রস্তুত। এই বাহিনী সবসময় ছিল কিন্তু বেশি এক্সপোজ হয়নি। এই প্রথমবার ফিকশনাল ভাবে তাদের তুলে ধরা হচ্ছে। তাদের রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দিত লাগছে।
ডেস্ক রিপোর্ট 
























