গর্ভবতী নারীর খাদ্যতালিকায় বাদাম ও শস্য বীজের উপকারিতা
২৯ জুলাই, ২০২৫
উচ্চ পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে বাদাম বিশ্বের অন্যতম খাদ্য। এই বাদামে স্বাস্থ্যকর চর্বি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে যা সামগ্রিক অর্থে সুস্থতা প্রদান করে। গর্ভাবস্থায় একজন মায়ের খাদ্যতালিকা শুধু তার নিজের জন্য নয়, তার অনাগত সন্তানের সুস্থ বিকাশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পুষ্টিকর খাবার বেছে নেওয়া জরুরি। বাদাম ও বিভিন্ন ধরনের বীজ এই সময়ের জন্য আদর্শ পুষ্টির উৎস হিসেবে বিবেচিত হয়।

কেন খাবেন
বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও, বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। বাদাম ও বীজে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মস্তিষ্কের বিকাশে এবং হাড়ের গঠনে সাহায্য করে। বিশেষ করে গর্ভাবস্থায় প্রয়োজনীয় ফোলেট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও আয়রন পাওয়া যায় এগুলো থেকেই। বাদাম, আখরোট ও পেস্তা গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।
বীজগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কুমড়ো, সূর্যমুখী, তিসি, চিয়া এবং অন্যান্য বীজগুলো বিভিন্ন ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। বীজ খেলে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা যেতে পারে। তিসি, চিয়া ও কুমড়ার বীজও ফাইবার সমৃদ্ধ। এছাড়া এগুলো আয়রন, জিংক ও ম্যাগনেশিয়ামের উৎস। এগুলো হজমশক্তি উন্নত করে এবং মা ও শিশুর হাড়ের গঠনে সাহায্য করে। এছাড়া তিল বীজের পুষ্টিগুণ অসাধারণ। উপকারী বিভিন্ন উপাদান, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও বি ভিটামিনের উৎস এই বীজ। এ ছাড়া তিল বীজে ফাইবার, মনোস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে। তিল বীজ লিগন্যানের একটি বড় উৎস, যা হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
কখন খাবেন
সকালে খালি পেটে বা নাস্তার পর ভেজানো বাদাম খাওয়া সবচেয়ে উপকারী। এটি শক্তি বাড়ায় ও হজমে সাহায্য করে। অতিরিক্ত ক্ষুধার সময় অস্বাস্থ্যকর খাবারের বদলে একমুঠো মিশ্র বাদাম বা হালকা ভাজা বীজ খাওয়া যেতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। খাবারের পরপর বাদাম না খেয়ে অন্তত এক ঘণ্টা বিরতি রেখে খান, কারণ এতে থাকা চর্বি হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। চিয়া বা তিসির মতো বীজ ভিজিয়ে খাওয়াই ভালো। শুকনো অবস্থায় খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে, বিশেষ করে রাতে। বীজ খাওয়ার উপযুক্ত সময় হল সকালের দিকে বা নাস্তার সাথে।
কোন ধরনের বাদাম খাবেন
বিভিন্ন ধরনের বাদাম যেমন: কাঠবাদাম, কাজুবাদাম, চীনাবাদাম, পেস্তাবাদাম ইত্যাদি স্বাস্থ্যকর।
সতর্কতা
বাদাম যদিও স্বাস্থ্যকর, তবে যাদের বাদাম থেকে এলার্জি আছে তাদের এটি এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া, অতিরিক্ত বাদাম খেলে কিছু ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে। তাই, পরিমিত পরিমাণে বাদাম খাওয়া উচিত।
মাসুদুর রহমান 
























