চামড়া শিল্পকে টেকসই শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চামড়া খাতে পরিবেশগত মান, পরিবেশ সুরক্ষা এবং অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কনফারেন্স হলে ‘মিটিং অন কমপ্লায়েন্স অফ এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডস, এনভায়রনমেন্টাল প্রটেকশন এন্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শিরোনামে এই সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে যে ধরনের ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিলো লেদার সেক্টরের সেটা কিন্তু আমরা এচিভ কোনো পারি নাই, যেটা আমাদের জন্য বিশাল ব্যর্থতা। চামড়া শিল্প এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি এত সম্ভাবনা ছিল, সেই জায়গায় আমরা খুব বেশি নজর দিতে পারি নাই। হেমায়েতপুরে যে কারণে যাওয়া হলো, একটা ভালো পরিবেশে ভালো কিছু হবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু যেখানে গিয়েও আমরা নানা সমস্যায় পরে গেছি। সিইপিটি (কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার) নিয়েও একটা বিশাল সমস্যা হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তরের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রকৃতিবন্ধু বলেন, যে লোকবল বা সাপোর্ট দরকার সেটা পরিবেশ অধিদপ্তরের নেই। সারা বাংলাদেশে পরিবেশ অধিদপ্তরের যে পরিমান সাপোর্ট দরকার, যে পরিমান লোকবল দরকার সেটা বাড়াতে হবে যদি সত্যকারের মনিটরিং আমরা পেতে চাই।
চামড়া শিল্পে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করে মুকিত মজুমদার বাবু বলেন, শ্রমিকরা কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়া খালি হাত-পায়ে যে ভাবে কাজ করে এটা খুবই ঝুঁকিপূর্ণ। চামড়া শিল্পের পরিবেশকে যদি উন্নতি করতে হয় তাহলে মালিকপক্ষ, আইন, পরিবেশ এবং আমাদের সম্মলিত প্রচেষ্টা সবগুলো একজায়গায় আনতে হবে। এবং আমরা কয়েকটা সংগঠন সচেতনতা বাড়ানো ও পরিবেশের উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ সোহরাব আলী বলেন, পরিবেশকে বাদ দিয়ে ব্যবসা করা যাবে না। ব্যাবসার সাথে সাথে পরিবেশকেও বিবেচনায় নিতে হবে। আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে পরিবেশ দূষণ করবে, যে বর্জ্য উৎপাদন করবে সেই রেস্পন্সিবিলিটি তার সেটাকে ট্রিটমেন্ট করার।
আলোচনা সভার গুরুত্বারোপ করে অতিরিক্ত মহাপরিচালক বলেন, আজকে যে আলোচনা সভা হয়েছে এই রকম আলোচনা সভা আরো দরকার। সবার মতামত নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
ব্যাবসায়ীদের উদ্দেশ্যে ড. মোহাম্মদ সোহরাব আলী বলেন, পরিবেশ যদি আপনারা ঠিক রাখেন ব্যবসা এমনিতেই আসবে। কিন্তু পরিবেশ যদি আমরা ঠিক না রাখতে পারি আপনারা ব্যবসা হারাবেন।

ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস এম মোর্শের এর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন রেহানা আক্তার রুমা।
সভায় চামড়া শিল্পে পরিবেশগত মান, পরিবেশ সুরক্ষা ও অধিকার এবং এই শিল্পের টেকসই উন্নয়নের জন্য করণীয় নিয়ে উপস্থিত সকলের মাঝে অংশদারীত্বমূলক আলোচনা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নকৃত ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অধীনে অনুষ্ঠিত সভায় সরকারি পর্যায়ের প্রতিনিধি, মালিক পক্ষের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জোবায়ের আহমেদ 




















