চামড়া শিল্পকে দেশের প্রধান রপ্তানিখাত হিসেবে গড়ে তোলা সম্ভব মন্তব্য করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন দেশের প্রধান রপ্তানিখাত পোশাক শিল্পকে পেছনে ফেলে সঠিক ব্যাবস্থাপনা ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে চামড়া শিল্পকে দেশের প্রধান রপ্তানিখাত হিসেবে গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবনে “সোশ্যাল ডায়লগ ইন ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড ইফেক্টিভ প্রি-ট্রিটমেন্ট সিস্টেম অ্যাট ট্যানারী ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ” শিরোনামে আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিসিক চেয়ারম্যান।

মধ্যপ্রাচ্যে আমাদের চামড়া শিল্পের বিশাল বাজার রয়েছে উল্লেখ করে বিসিক চেয়ারম্যান বলেন, ইউরোপ ও আমেরিকার মতো কঠিন শর্ত না থাকায় মধ্যপ্রাচ্যে চামড়া রপ্তানি করতে লেদার ওয়ার্কিং গ্রুপ (LWG) সনদ প্রয়োজন হয় না, তাই মধ্যপ্রাচ্যে চামড়া রপ্তানিতে আমাদের আরো বেশি পদক্ষেপ নিতে হবে।
নদী দূষণের একমাত্র কারণ চামড়া শিল্প নয় উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, আবাসিক এলাকার বাসাবাড়ি ময়লা আবর্জনাসহ বিভিন্ন কারখানার বর্জ্যও নদীকে দূষিত করছে । বিসিকের প্লট বরাদ্দ নিয়ে যারা নিয়মিত ব্যবসা পরিচালনা করে প্লট ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান করেন বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

ওশি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকি রেজওয়ানা বিসিকের চেয়ারম্যান ও কর্মকর্তাদদের ধন্যবাদ জানিয়ে বলেন, চামড়া শিল্প বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। চামড়া শিল্প খাতে কমপ্লায়েন্স অর্জিত না হওয়ায় সমস্যাগুলো প্রকট আকার ধারণ করছে। সাভারে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সম্পূর্ণভাবে কার্যকর না হওয়া, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা না থাকা মূলত এই সকল কারণে শিল্পের রপ্তানি আমরা আশানুরূপ ফলপাচ্ছি না।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা মূলক অবস্থান ধরে রাখতে হলে আমাদের উৎপাদনে সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করা এই মুহূর্তে অত্যন্ত জরুরী এবং ওশি ফাউন্ডেশন এ লক্ষে কাজ করে যাচ্ছে।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, হাজারীবাগ থেকে ৭০ বছরের পুরোনো একটা শিল্পকে আধুনিক ও পরিবেশবান্ধব করার জন্য সাভারে স্থানান্তর করা হয়েছে। কিন্তু সাভারে এই চামড়া শিল্প আধুনিকও হয়নি পরিবেশবান্ধবও হয়নি। নূন্যতম কোনো সোশ্যাল কমপ্লায়েন্স মেনে চলা হচ্ছে না। যে কারণে চামড়া শিল্প একটা ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে পারেনি।
ট্যানারি মালিকরাই এই শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, চামড়া শিল্প থেকে টাকা আয় করে বিভিন্ন খাতে বিনিয়োগ করার পাশাপাশি বিসিক থেকে প্লট বরাদ্দ নিয়ে ভাড়া দিচ্ছে ট্যানারি মালিকরা।

ওশি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকি রেজওয়ানার সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন রেহানা আক্তার রুমা।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও সলিডার সুইসের সার্বিক তত্ত্বাবধানে ওশি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নকৃত ‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অধীনে অনুষ্ঠিত সংলাপে সরকারি পর্যায়ের প্রতিনিধি, শ্রমিক পক্ষের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জোবায়ের আহমেদ 



















