বিশ্বের মেগাসিটির তালিকায় যেন এক লাফে এগিয়ে গেল বাংলাদেশের রাজধানী ঢাকা। জনসংখ্যা বিবেচনায় ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের তালিকার বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার উত্থানের কথা। প্রতিবেদনে বলা হয়েছে: বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। একইসঙ্গে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীর তালিকায় প্রথম স্থান দখলের পথে রয়েছে ঢাকা।
জাতিসংঘের নতুন ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর জাকার্তায় বসবাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। এরপরেই রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। এখানে বসবাস করেন ৩ কোটি ৬৬ লাখ মানুষ।

আল জাজিরা বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাংশে অবস্থিত নিন্মাঞ্চলীয় উপকূলীয় শহর জাকার্তা আগের দ্বিতীয় স্থান থেকে উঠে টোকিওকে ছাড়িয়ে এক নম্বরে এসেছে। ২০০০ সালের জাতিসংঘের আগের মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল জাপানের রাজধানী টোকিও।
টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল। শহরটিতে ৩ কোটি ৩৪ লাখ লোক বাস করেন এবং এই কারণে শহরটি পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। আর নবম স্থান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘনবসতিপূর্ণ ঢাকা। জাতিসংঘের হিসাবে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর হয়ে ওঠার পথে রয়েছে ঢাকা।
আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পেছনে গ্রামাঞ্চল থেকে ব্যাপক হারে মানুষের শহরমুখী হওয়া অন্যতম কারণ। অনেকে ভালো সুযোগের খোঁজে শহরে আসছেন, আবার অনেকেই জলবায়ু পরিবর্তনজনিত বন্যা ও লবণাক্ততার মতো সমস্যায় গ্রাম ছাড়ছেন।

এদিকে জাকার্তাও একইভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ধাক্কায় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে রয়েছে। ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যেতে পারে।
এ সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার নতুন রাজধানী নির্মাণ করছে। বোর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তানে ‘নুসান্তারা’ নামে নতুন প্রশাসনিক শহর গড়ে তোলা হচ্ছে। তবে সরকারি কার্যালয় সেখানে গেলেও জাতিসংঘের ধারণা, ২০৫০ সাল নাগাদ জাকার্তায় আরও ১০ মিলিয়ন বা এক কোটি মানুষ যুক্ত হবে।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ মিলিয়নের বা ১ কোটির বেশি জনসংখ্যার শহরকে ‘মেগাসিটি’ বলা হয় এবং এই ধরনের শহরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টিতে। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮।
বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় এবং শীর্ষ ১০-এর ৯টিই এশিয়ার শহর। জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও শীর্ষ তালিকায় রয়েছে— ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২০ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ), দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
অন্যদিকে এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ থাকা একমাত্র শহর হলো মিসরের কায়রো। শহরটির জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। এছাড়া ব্রাজিলের সাও পাওলো ১ কোটি ৮৯ লাখ মানুষ নিয়ে আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় শহরে পরিণত হয়েছে। নাইজেরিয়ার লাগোসও দ্রুত বেড়ে সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম শহরে পরিণত হয়েছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















