এবার রাজধানী ঢাকায় বর্ষাকাল যেন তার চেনা রূপ দেখাচ্ছে। আষাঢ়ে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, শ্রাবণেও ঝরছে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে অনেকটাই উন্নতি হয়েছে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় ৫০টি শহরেরও পরে অবস্থান করছে ঢাকা! বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বৃহস্পতিবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে বায়ুদূষণে সবার শীর্ষে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা।
শহরটির বাতাসের মানের স্কোর ১৬৪। এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১৫১ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
এদিকে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে তালিকার শীর্ষ ৩ নম্বরে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিস। ১৫১ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
অন্যদিকে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫৫ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা, স্কোর ৫৮। বাতাসের এই মান রাজধানীবাসীদের জন্য ‘সহনীয়’। গত কয়েক বছরে এটাই ঢাকার বাতাসের সবচেয়ে ভাল অবস্থা বলা যায়।
উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রকৃতিবার্তা ডেস্ক 


















