বাংলাদেশ বন্যপ্রাণী সমৃদ্ধ একটি দেশ। এদেশের অনেক আকর্ষণীয় প্রাণীর মধ্যে তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীগুলো পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশীয় হাতি থেকে শুরু করে হরিণ, বানর, কাঠবিড়ালিসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীগুলো আমাদের বন, তৃণভূমি এবং জলাভূমির জটিল বাস্তুতন্ত্রের ভারসাম্য টিকিয়ে রাখছে। এই প্রাণীকূল বিভিন্ন উদ্ভিদের ফুল, ফল, পাতা, বীজ খায়, যা এদের আবাসস্থল জুড়ে বীজ বিস্তারের মাধ্যমে বন পুনরুজ্জীবিত করতে সহায়তা করে।
পরিবেশগত গুরুত্ব থাকা সত্ত্বেও, বাংলাদেশের তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীগুলো বিভিন্ন হুমকির সম্মুখীন। সবচেয়ে বড় হুমকি আবাসস্থলের ক্ষতি এবং চোরাশিকার। তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীদের উপস্থিতি আমাদের বন, জলাভূমি এবং পাহাড়ের সুস্বাস্থ্যের নির্দেশক। টেকসই সংরক্ষণ ছাড়া এই প্রাণীগুলো প্রকৃতি থেকে হারিয়ে যেতে পারে। তাই এদের রক্ষায় সচেতনতামূলক প্রচারণা, চোরাশিকার প্রতিরোধে নিয়মিত টহল এবং সম্প্রদায়-ভিত্তিক সংরক্ষণ উদ্যোগ জরুরি।
মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর এবারের পর্ব- ‘তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী’। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান।
‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি দেখবেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০:১৫ মিনিটে, শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















