এক সময় বনাঞ্চল, জলাশয়, বন্যপ্রাণী ও উদ্ভিদবৈচিত্র্যে পরিপূর্ণ ছিল বাংলাদেশ। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে অপরিকল্পিতভাবে সম্পদ আহরণের ফলে এগুলো আজ হুমকির মুখে পড়েছে। তাই দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে কিছু এলাকাকে সংরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। এসব এলাকা কিছু নির্দিষ্ট নীতিমালা ও আইন দ্বারা পরিচালিত হয়, যার প্রধান উদ্দেশ্য ঐ নির্দিষ্ট এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ করা। দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- বন্যপ্রাণী অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইকোপার্ক, জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য, বিশেষ জীববৈচিত্র্য এলাকা, সামুদ্রিক সংরক্ষিত এলাকা, বিশ্ব ঐতিহ্য এলাকা, রামসার এলাকা এবং শকুনের জন্য সংরক্ষিত এলাকা।
রক্ষিত এসব অঞ্চলে বন্যপ্রাণী শিকার, হত্যা অথবা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে নীতিমালা মেনে না চলার কারণে বন্যপ্রাণী ও পরিবেশ ক্ষতির শিকার হচ্ছে। তাই সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে রক্ষিত অঞ্চলগুলো টিকিয়ে রাখার মাধ্যমে নিশ্চিত করা সম্ভব টেকসই পরিবেশ।
মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’এর এবারের পর্ব-‘রক্ষিত অঞ্চল ব্যবস্থাপনা’। এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে থাকবেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ।
‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি দেখবেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০:১৫ মিনিটে, শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















