২০১০ সাল থেকে লাল-সবুজের চ্যানেল আইয়ের অনুষ্ঠানসূচিতে যুক্ত হয় মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে বাংলাদেশের প্রথম ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। ধারাবাহিক এই অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে দেশের জীববৈচিত্র্য, প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক।
দর্শকপ্রিয়তা তো বটেই প্রকৃতিপ্রেমী এবং পরিবেশ সচেতনদের ভালোবাসায় সিক্ত এই অনুষ্ঠানটির ৪০০ তম পর্ব প্রচারিত হতে যাচ্ছে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০: ১৫ মিনিটে, শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১:০৫ মিনিটে এবং রবিবার ভোর ৫:৩০ মিনিটে, শুধুমাত্র চ্যানেল আই’তে।

অনুষ্ঠানটির বিশেষ এই পর্বের নাম ‘চর ও জীবন’। অন্য পর্বগুলোর চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকের এই পর্বে দর্শকরা টেলিভিশনের পর্দা অথবা মোবাইল স্ক্রিনে চোখ রেখেই প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর সঙ্গে যেন ঘুরে দেখবেন চরের মানুষ, প্রকৃতি ও জীবনকে। পাশাপাশি দেখতে পাবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মানবসেবাধর্মী কর্মযজ্ঞের একঝলক।

এপর্বে দেখা যাবে চরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে মুকিত মজুমদার বাবু ও তাঁর টিমের ঢাকা থেকে একেবারে যমুনার তীরে পৌঁছানোর কুয়াশামাখা পথচলার খণ্ডচিত্র, এরপর নৌকায় জলযাত্রা শেষে চরের ঘাট থেকে বিস্তীর্ণ নলবন, ছন-ঘাসবনের মাঝ দিয়ে ঘোড়ার গাড়িতে চেপে মানুষের পাশে থাকার কষ্টসাধ্য অথচ আনন্দযাত্রা।

চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোডাকশন টিমের অপূর্ব মুন্সিয়ানায় ক্যামেরা-ড্রোনে ধারণ করা দৃশ্যভরা পর্বে দেখা যাবে চরের প্রকৃতি, জীববৈচিত্র্য। একই সঙ্গে মুকিত মজুমদার বাবুর মুখে শুনবেন চরের প্রাণ-প্রকৃতি ও প্রাণীদের কথা। তিনি জানাবেন এসব দুর্গম চরে আসলেই কেন ছুটে চলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

এই পর্বে চরের মানুষদের সামনে জীববৈচিত্র্য রক্ষায় নলবন, ছন-ঘাসবনের কিছু অংশ পাখি ও অন্য প্রাণীদের জন্য সংরক্ষণ করা, পরিবেশ ও মানুষের জন্য পাখি ও বন্য প্রাণীর প্রয়োজনীয়তা একেবারে সাধারণ ভাষায় আপন মানুষের মতোই বুঝিয়ে বলেছেন মুকিত মজুমদার বাবু।

২২ মিনিটের এই পর্বে দেখা যাবে চরের মানুষ, নয়নাভিরাম প্রকৃতি ও বিচিত্র পাখিসহ দেখা যাবে অদেখা অনেক রূপ। একেবারে শেষ দিকে দেখা দেবে ছন-ঘাসবনের রহস্যময় এক প্রাণী।

সব মিলিয়ে চমৎকার দৃশ্যায়নে ভরা এই পর্ব দর্শকদেরও নিয়ে যাবে নদীমাতৃক বাংলাদেশের শীতশান্ত এক নদীর বুকে জেগে ওঠা চরে, বাংলার রূপ দেখা যাবে নয়ন ভরে।
নাসিমুল শুভ 




















