প্রথমবারের মতো চীনে আজ আম রপ্তানি হচ্ছে। এ জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে চীনে কখনো আম রপ্তানি করা হয়নি।
বুধবার (২৮ মে) দুপুরে প্রথম দফায় ১০ টনের আমের চালান চীনে যাবে।
আজ সকালে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ বছরের আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বাংলাদেশ ও চীন দুই পক্ষের মধ্যে কিছুদিন আগে এ নিয়ে চুক্তি হয়। এ মৌসুমে সব মিলিয়ে ১০০ টন আম রপ্তানি হবে। প্রথম চালানে সাতক্ষীরা, যশোর অঞ্চলের আম রপ্তানি করা হচ্ছে। কয়েকজন রপ্তানিকারক মিলে ১০ টন আম রপ্তানি করছেন বলে জানা গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, প্রথম দফায় আজ ঢাকা থেকে ১০ টন আম চীনে রপ্তানি হবে। ধীরে ধীরে বাকি আমও রপ্তানি করা হবে।
এর আগে গত মাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় গিয়ে একটি আম বাগানও পরিদর্শন করেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 


















