দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এ জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারের অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি কার্যক্রম চলেছে। সেখানে ইতিমধ্যে সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন।
বিজয় দিবস ঘিরে পুরো সৌধ প্রাঙ্গণকে দেওয়া হয়েছে এক নতুন রূপ। উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন। তিনি বলেন, সৌধপ্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুরো সাভার এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। দিবসটি উপলক্ষে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরো সাভারজুড়ে মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই উর্ধতন কর্মকর্তা। নিরাপত্তা চৌকির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে বলে জানান তিনি।
এদিকে, স্মৃতিসৌধ-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে নতুন সড়কবাতি লাগানো, সড়ক বিভাজকে নতুন করে রঙ দেওয়া ও সড়কে জমে থাকা ধুলোবালি সরিয়ে নিতে দেখা গেছে।
এ বিষয়ে গণপূর্ত অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে এবারও স্মৃতিসৌধকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে । শেষ করা হয়েছে ধোয়ামোছা, সাফসুতর ও রঙতুলির কাজ। স্মৃতিসৌধের মূল ফটক থেকে স্মৃতিস্তম্ভ পর্যন্ত ইটের গাঁথুনিগুলোতে দেওয়া হয়েছে লাল-সাদা রঙের আঁচড়। পায়েহাঁটার পথগুলোর দুই পাশে বসানো হয়েছে লাল টকটকে ফুল গাছের টব। লাল-সবুজের আভায় সেজেছে পুরো স্মৃতিসৌধ এলাকা।’
ডেস্ক রিপোর্ট 




















