ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রশাসন বিকেলে এ–সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। আজ রোববার বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন তিনি।
এর আগে, জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজী না হলে এবং দ্বি – রাষ্ট্রীয়(টু-স্টেট) সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে।
ওই ঘোষণার পর এখন এই পদক্ষেপ নেওয়া হলো।
এই পদক্ষেপ ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত করে, যখন কি না সরকারগুলো বলছিল, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাবের সময়ে স্বীকৃতি আসা উচিত।
বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবার ও একাধিক রক্ষণশীল গোষ্ঠীও এ পদক্ষেপের বিরোধিতা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে “সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান” বলে মন্তব্য করেছেন।
এরই মধ্যে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের পদক্ষেপ কার্যকর হলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















