অভিষেক শর্মা না থাকলে কী হত ভারতের? পর পর দু’ম্যাচে অভিষেকের ইনিংস ভারতকে জেতাল। অভিষেককে সঙ্গ দিলেন শুভমন গিল। কিন্তু বাকিরা? ভারতের মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং চিন্তা বাড়াবে গৌতম গম্ভীরের। বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ২০০-র বেশি রান হওয়া উচিত সেখানে ১৬৮ রানে থামতে হল ভারতকে। তাতে অবশ্য জিততে কোনও সমস্যা হল না। বোলারদের দাপটে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেলেন সূর্যকুমার যাদবেরা। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ভারত। বৃহস্পতিবারের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ সেমিফাইনাল হয়ে দাঁড়াল। সেই ম্যাচ যারা জিতবে তারা রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে।
পেসার, স্পিনার সকলের বিরুদ্ধেই হাত খুলে খেলেন অভিষেক। মাঠের চার দিকে বড় শট খেলতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধেও সেটাই দেখা যাচ্ছিল। শুভমন ভাল খেললেও পাকিস্তান ম্যাচের তুলনায় ধীরে খেলছিলেন। স্পিনারের বল করতে এসে খেলায় ফেরাল বাংলাদেশকে। ২৯ রানের মাথায় শুভমনকে আউট করলেন রিশাদ হোসেন।
তিন নম্বরে তিলক বর্মা বা সূর্যকুমার যাদবের বদলে শিবম দুবেকে নামিয়ে দিলেন কোচ গম্ভীর। কেন নামালেন, কেউ জানেন না। কোনও ব্যাখ্যা নেই তাঁর। এশিয়া কাপে ব্যাট করার খুব একটা সুযোগ পাননি শিবম। সেই কারণেই হয়তো তাঁকে নামিয়েছিলেন। সেটা করতে গিয়ে ব্যাটিং অর্ডার ঘেঁটে দিলেন গম্ভীর। শিবম রান পেলেন না। সূর্য, তিলকেরা নিজের স্বাভাবিক জায়গায় ব্যাট করতে পারলেন না। ফলে তাঁরাও তাড়াতাড়ি ফিরলেন।
ভারতকে বড় ধাক্কা দিলেন রিশাদ। বল হাতে নয়, ফিল্ডিংয়ে। পয়েন্ট অঞ্চলে হালকা হাতে খেলে সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন সূর্যকুমার। তাঁর ডাকে সাড়া দিয়ে ক্রিজ় ছেড়ে অনেকটা এগিয়ে যান অভিষেক। কিন্তু পয়েন্টে দুর্দান্ত ফিল্ডিংয়ে বল ধরে নেন রিশাদ। সেটা দেখে সূর্য আর এগোননি। অভিষেক ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে বল ধরে উইকেটে লাগিয়ে দিয়েছেন বোলার। ৩৭ বলে ৭৫ রান করে রান আউট হন অভিষেক। ৬ চার ও ৫ ছক্কা মারেন তিনি।
যত ক্ষণ অভিষেক ছিলেন, দেখে মনে হচ্ছিল ভারত আরাম করে ২০০ রানের বেশি করবে। কিন্তু তিনি পড়তেই ছবিটা বদলে গেল। পর পর আউট হলেন সূর্য ও তিলক। রান তোলার গতিও অনেকটা কমে গেল। শেষ দিকে হার্দিক ২৯ বলে ৩৮ রান না করলে ১৬০ রানও পার হত না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করল ভারত।
ভারতীয় ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। সঞ্জু স্যামসন ডাগ আউটে বসে থেকে গেলেন। সাত ব্যাটার নামলেও তাঁর জায়গা হল না। এশিয়া কাপের আগে ওপেন করতেন তিনি। এখন আট নম্বরে থাকছেন। ব্যাটিং অর্ডারে এই ধরনের বদল করে নিজেদেরই চাপে ফেলছে ভারত। ফাইনালে এই ভুল করলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে সূর্যদের।
ডেস্ক রিপোর্ট 






















