উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবর যেমন মানুষকে ব্যথিত করেছে, তেমনি শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে লিখছেন আবেগঘন বার্তা। কেউ প্রার্থনা করছেন আহতদের দ্রুত সুস্থতার জন্য, কেউ বা ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আরও সতর্ক হওয়ার।
ঢাকাই সিনেমার তারকা শাকিব খান লিখেছেন,“রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।”
ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শোক জানিয়েছেন। অন্য আরেকটি পোস্টে তিনি লিখেছেন,“দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।”
মেহজাবীন চৌধুরী লিখেছেন, “উত্তরা দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা রইল!”
চিত্রতারকা সিয়াম আহমেদ লিখেছেন,“মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।”
এসময় তিনি বিভিন্ন হাসপাতালে আহতদের রক্তের চাহিদা নিয়েও কথা বলেন। সিয়াম লিখেন,“ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!”
কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন,“এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।”
চিত্রনায়ক নিরব লিখেছেন, “ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের কাছে বিমান দুর্ঘটনায় সংশ্লিষ্ট সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন শান্তি, সুরক্ষা ও দ্রুত সুস্থতা দান করেন “
ডেস্ক রিপোর্ট 
























