গরমের আঁচ বেশ ভালোভাবেই টের পাইয়ে বিদায় নিচ্ছে চৈত্র, মাসটির শেষ দিনে তাপ যেন তাই বেশিই। রাত গেলেই সকালে শুরু হবে বাংলা নতুন বছরের প্রথম দিন। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন উদযাপনে বাঙালি মাতবে উৎসবে।
এখন প্রশ্ন হলো এদিন গরম কেমন থাকবে, ঝড়-বৃষ্টি হবে কিনা। এসব প্রশ্নের উত্তর জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পুর্বাভাস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও ফরিদপুর জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর মধ্যে গত শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, পহেলা বৈশাখে সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেছেন,‘ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে বিক্ষিপ্তভাবে হতে পারে। সারা দেশেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে।’
পহেলা বৈশাখ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















