ভূরুঙ্গামারী উপজেলায় অসুস্থ কুকুরের সঠিক চিকিৎসায় এগিয়ে এসেছে সেচ্ছাসেবী সংগঠন “সোলিড টিম বাংলাদেশ”। উপজেলা প্রশাসনের কাছে ৭ দফা দাবি পেশ করে দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছে সংগঠনটি ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাসে একাধিক শিশু ও বৃদ্ধ অসুস্থ কুকুরের কামড়ে আহত হয়েছেন। পাশাপাশি গরু, ছাগল ও হাঁস-মুরগি আক্রান্ত হওয়ায় অনেক পরিবার আর্থিক ক্ষতির মুখে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া ও অসুস্থ কুকুরের সঠিক চিকিৎসার দাবি উঠেছে সাধারণ মানুষের কাছ থেকে।
রবিবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত আবেদনে সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো, হিংস্র কুকুর নিয়ন্ত্রণে জরুরি অভিযান পরিচালনা, আক্রান্ত মানুষ ও প্রাণীর জন্য বিনামূল্যে রেবিস ভ্যাকসিন প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবার ও গবাদি পশুর মালিকদের আর্থিক ক্ষতিপূরণ, দীর্ঘমেয়াদি সমাধানে “পশু নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি” চালু করা, কুকুরের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত রেবিস ভ্যাকসিন মজুদ রাখা, স্কুল ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ বলেন, “ভ্যাকসিনের চাহিদা জেলায় পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের প্রথমে সাবান-পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে দ্রুত টিকা নিতে হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান জানান, “কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদানের প্রস্তুতি রয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।”
প্রকৃতিবার্তা ডেস্ক 





















