ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রীন, গো বিয়ন্ড’ শীর্ষক একটি প্রচারাভিযান শুরু করেছে।
ওয়ার্ল্ড হেরিটেজ ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সহযোগিতায় এই প্রচারাভিযানের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় অঙ্গীকারের প্রতীক।
উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে।
এ প্রসঙ্গে টোয়াব সভাপতি রাফেউজ্জামান বলেন: ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ উদ্যোগের মাধ্যমে আমরা শক্ত বার্তা দিতে চাই, যে বাংলাদেশের পর্যটন শিল্প প্রকৃতি সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ থেকে ভ্রমণকে এগিয়ে নিতে চায়। এ উদ্যোগ সংশ্লিষ্ট পক্ষ ও ভ্রমণকারীদের মাঝে সচেতনতা তৈরি করবে এবং একটি সবুজ ও দায়িত্বশীল পর্যটন খাত গড়ে তুলতে সহায়ক হবে।”
এই উদ্যোগটি বাংলাদেশের সর্ববৃহৎ ভ্রমণ ও পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। মেলাটি আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। মেলায় চারটি বিশেষায়িত হল থাকবে যেখানে ইনবাউন্ড, আউটবাউন্ড, মেডিকেল, দেশীয় ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম তুলে ধরা হবে।
দেশব্যাপী এই ক্যাম্পেইন চলবে বিটিটিএফ ২০২৫ শুরুর আগ পর্যন্ত। মেলাতেও পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়া হবে যার মধ্যে অন্তর্ভূক্ত থাকবে প্লাস্টিক বর্জ্য কমানো থেকে শুরু করে টেকসই ভ্রমণ সমাধানকে উৎসাহিত করা।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















