রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তার নাম আবদুল বাসির (৫০)।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে।
তিনি সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















