দেশের রাজনৈতিক উত্তেজনা ও নানান গুঞ্জনের মধ্যে আজ শনিবার (২৪ মে) বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদেরকে প্রধান উপদেষ্টা তার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানিয়েছেন।
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে।”
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “দেশে চলমান উদ্ভুত পরিস্থিতিতে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।
“সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।”
এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।
অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















