শিশুর মোবাইল আসক্তি বর্তমানে একটি গুরুতর সমস্যা। বর্তমানে শিশুদের মধ্যে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস ব্যবহারের প্রবণতা অনেক বেড়ে গেছে। অনেক সময় বাবা-মায়েরাও শিশুদের শান্ত রাখার জন্য তাদের হাতে মোবাইল তুলে দেন। কিন্তু এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে অনেকেই অবগত নন। মোবাইল আসক্তি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক ক্ষতি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, মোবাইলের প্রতি এই অল্প বয়সেই আসক্ত হয়ে পড়া ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে পারে। এমনকি ধূমপান বা অ্যালকোহলের নেশার মতোই ক্ষতিকর হয়ে উঠতে পারে। মোবাইল আসক্ত শিশুরা তাদের চারপাশে থাকা মানুষ, যেমন- বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি মেশার চেয়ে মোবাইলে সময় কাটাতেই বেশি পছন্দ করে। এতে করে তাদের সামাজিক দক্ষতা কমে যায় এবং তারা বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে কিছু করণীয় দেওয়া হলো:
স্ক্রিন টাইম ধীরে ধীরে কমান
শিশুকে মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। যেমন, দিনে এক ঘণ্টা বা ৩০ মিনিট। এই সময়টুকুতে সে কী দেখবে, সেটিও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। হঠাৎ করে মোবাইল কেড়ে নিলে শিশু জেদি হয়ে উঠতে পারে বা রেগে যেতে পারে। তাই ধীরে ধীরে স্ক্রিন টাইম কমাতে হবে। আগে থেকেই একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন। যে সময়ের বাইরে সে মোবাইল ব্যবহার করতে পারবে না। নিয়মিত এই অভ্যাস গড়ে তুললে আসক্তি কমবে।
বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন
শিশুকে মোবাইলের বিকল্প হিসেবে অন্য কোনো কাজে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। যেমন, খেলাধুলা, ছবি আঁকা, গল্পের বই পড়া, ধাঁধার সমাধান করা, ইত্যাদি। পরিবারের অন্য সদস্যরাও তার সঙ্গে এসব কাজে যুক্ত হতে পারেন।
আউটডোর গেমে উৎসাহ
মোবাইল থেকে মন সরাতে হলে বিকল্প কিছু দিতে হবে। খেলাধুলার চেয়ে ভালো বিকল্প আর নেই। মাঠে গিয়ে খেললে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হয় এবং মনোযোগও বাড়ে। তাই প্রতিদিন কিছুটা সময় খেলাধুলার জন্য রাখুন।
নিজেদের অভ্যাস পরিবর্তন করুন
শিশুর সামনে মোবাইল ব্যবহার কমিয়ে দিন। কারণ শিশুরা বড়দের অনুকরণ করে। যদি আপনি নিজেই সারাক্ষণ মোবাইলে থাকেন, তাহলে শিশুও এর প্রতি আকৃষ্ট হবে।
পুরস্কারের ব্যবস্থা করুন
যখন শিশু মোবাইল ছাড়া অন্য কোনো কাজে বেশি সময় দেবে, তখন তাকে প্রশংসা করুন বা ছোটখাটো উপহার দিন। এতে সে উৎসাহিত হবে।
ছোটখাটো কাজে যুক্ত
যদি বাইরে খেলার সুযোগ না থাকে, তাহলে শিশুকে ঘরের কাজে যুক্ত করুন। যেমন—রান্নায় সাহায্য করা, নিজের খেলনা গোছানো, এক সঙ্গে পছন্দের খাবার বানানো ইত্যাদি। এতে তারা ব্যস্ত থাকবে এবং মোবাইলের দিক থেকে মনোযোগ সরবে।
সৃজনশীল কাজ
ক্লে মডেলিং, পেইন্টিং, কাগজ দিয়ে কিছু তৈরি এইসব প্রজেক্টে শিশুদের অংশ নিতে দিন। এগুলো শুধু সময় কাটানোর মাধ্যমই নয়, বরং বাচ্চার সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। এতে তারা নতুন কিছু শেখে এবং মোবাইলের প্রয়োজন অনুভব করে না।
বই পড়ার অভ্যাস
শিশুর হাতে মোবাইলের বদলে দিন আকর্ষণীয় গল্পের বই। বয়স অনুযায়ী বই কিনে দিন। রূপকথা, দুঃসাহসিক অভিযান কিংবা মজার চরিত্রের গল্পে তারা মজা পাবে। প্রয়োজনে আপনি নিজেই গল্প পড়ে শোনাতে পারেন। ধীরে ধীরে এই অভ্যাস মোবাইলের প্রতি আকর্ষণ কমাবে।
মোবাইলের ভালো দিকগুলো শেখান
শিশুকে বোঝান যে মোবাইল শুধু খেলার জন্য নয়, বরং শিক্ষামূলক অনেক কিছু শেখারও মাধ্যম। তাকে শিক্ষামূলক গেম বা অ্যাপস দেখান। এতে সে মোবাইলের ভালো ব্যবহার শিখবে।
পরিবারের সঙ্গে সময় কাটান
শিশুর সঙ্গে বেশি করে সময় কাটান। গল্পের আসর, একসঙ্গে বসে খাবার খাওয়া, বা বেড়াতে যাওয়া – এসবের মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং শিশু মোবাইলের জগৎ থেকে বেরিয়ে আসতে আগ্রহী হবে।
শিশুর মোবাইল আসক্তি এক দিনে তৈরি হয়নি, কমেও যাবে না এক দিনে। কিন্তু একটু পরিকল্পনা আর ধৈর্য নিয়ে এগোলে তাদের মন মোবাইল থেকে সরিয়ে আরও স্বাস্থ্যকর ও আনন্দদায়ক অভ্যাসে যুক্ত করা সম্ভব। স্মার্ট প্যারেন্টিংই হোক আপনার সবচেয়ে বড় হাতিয়ার। মনে রাখবেন, জোর করে মোবাইল কেড়ে নিলে শিশু অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া দেখায়। এটি একটি প্রক্রিয়া এবং এতে ধৈর্য ধরতে হবে। একবারে সব পরিবর্তন সম্ভব নয়। ধীরে ধীরে চেষ্টা করুন, দেখবেন ভালো ফল পাবেন। ধীরে ধীরে সীমাবদ্ধতা তৈরি করা ও বিকল্পে মনোযোগী করা-ই সবচেয়ে কার্যকর।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















