দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন।
বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯০ জন, ঢাকা বিভাগে ৫৯ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৯ জন, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন, যার মধ্যে ১০ হাজার ৭৬৫ জন পুরুষ ও ৭ হাজার ৫৮০ জন নারী।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















