এক সময় দক্ষিণ আমেরিকার যে মাছটি আনা হয়েছিল অ্যাকুরিয়ামের বৈচিত্র্য বাড়াতে, অ্যাকুরিয়াম পরিষ্কার রাখতে সেই সাকার ফিশ এখন বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পরিবেশ-প্রতিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এতদিন এই মাছের জন্য দেশীয় মাছের বিলুপ্তির শঙ্কা করা হচ্ছিল। এবার জানা গেলো এই আগ্রাসী প্রজাতির সাকার ফিশ শহরের অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে। ইন্দোনেশিয়ায় দেখা গেছে, এই সাকার ফিশগুলো নদীর পাড়ে গর্ত করে ডিম পাড়ে, যার ফলে নদীর বাঁধ ও দেয়াল ধসে পড়ছে। এছাড়া জাকার্তার জলভাগের প্রায় ৬০% থেকে ৮০% এখন এই মাছের দখলে চলে গেছে, যা পরিবেশের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করছে। ফলে রাক্ষুসে মাছের এই আগ্রাসনের বিরুদ্ধে রীতিমতো ‘যুদ্ধে’ নেমেছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী।
জাকার্তার গভর্নর প্রমোনো আনুং-এর নির্দেশে এই আক্রমণাত্মক মাছের বিরুদ্ধে “যুদ্ধ” (War against janitor fish) ঘোষণা করা হয়েছে। জাকার্তায় সাকার ফিশ (স্থানীয় নাম ‘সাপু-সাপু’ বা ঝাড়ুদার মাছ) দূরীকরণের এই বিশেষ অভিযানে দেশটির সেনাবাহিনী সরাসরি অংশ নিচ্ছে।

অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সরকারের মৎস্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কর্মী (অরেঞ্জ ট্রুপস) এবং স্থানীয় সাধারণ মানুষ একসাথে কাজ করছে।
মাত্র দুই সপ্তাহের অভিযানে জাকার্তার বিভিন্ন নদী ও জলাশয় থেকে ৫ টনেরও বেশি (অন্যান্য এলাকায় ৭ টন পর্যন্ত) সাকার ফিশ ধরা হয়েছে।

সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা জাল দিয়ে মাছগুলো ধরার পর সেগুলোকে স্থানীয় দেশীয় মাছ থেকে আলাদা করছে। এরপর নিশ্চিতভাবে মেরে ফেলার জন্য মাছগুলোর মাথা কেটে ফেলা হচ্ছে এবং রাসায়নিক ছিটিয়ে স্বাস্থ্যবিধি মেনে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে।
গভর্নরের পরিকল্পনা অনুযায়ী এই মাছ সম্পূর্ণ নির্মূল করতে একটি “স্পেশাল ফোর্স” বা বিশেষ দল গঠন করা হচ্ছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















