পদ্মা নদীতে মাছ ধরার জালে উঠে এসেছে একটি বাচ্চা কুমির। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাচ্চা কুমিরটিতে তীরে আনা হলে স্থানীয়রা পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে ধরা পড়ে কুমিরটি।
পাবনার ঢালার চর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে সালাম তালুকদার কুমিরের বাচ্চাটি জালে উঠে এলে সেটিকে নদীর তীরে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, জালে কুমির ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। জাল থেকে ছাড়ানোর পরপরই কিছু যুবক ও শিশু লাঠি নিয়ে কুমিরের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে।
জেলে সালাম তালুকদার বলেন, “জাল টানার সময় মনে করেছিলাম বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে দেখি কুমিরের বাচ্চা। পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। এখন নদীতে মাছ ধরতেও অনেকেই ভয় পাচ্ছেন।”
এ ঘটনা জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে সচেতনতার অভাব ইঙ্গিত করে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
ডেস্ক রিপোর্ট 




















