ভৌগলিক দিক থেকে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় আমাদের জনসংখ্যার একটি বিশাল অংশ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগজনিত নানা বিপর্যয়ের ফলে অবিচ্ছিন্ন দারিদ্র্যের ভেতর বাস করে। বন্যা, ভারী বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, আকস্মিক বন্যা, খরা এবং নদীভাঙ্গন এ জাতীয় বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম। প্রান্তিক মানুষগুলো বছরের পর বছর চেষ্টা করে যায় দারিদ্র্য কাটিয়ে ওঠার এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর তখন স্বাস্থ্যসেবা তাদের কাছে হয়ে পড়ে ব্যয়সাপেক্ষ। জলবায়ু উদ্বাস্তুসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত জনগোষ্ঠীকে জরুরী খাদ্য সহায়তা, রিলিফ, জরুরী স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিচালিত প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র দেশব্যাপী এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাম্প্রতিক ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে, যার মধ্যে কুমিল্লা এবং এর আশেপাশের জেলা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যায় অগণিত মানুষ পানিবন্দি হয়ে পড়ে। বিশেষ করে নারী, পুরুষ, এবং শিশুদের মধ্যে পানি বাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। এমন সংকটময় সময়ে “প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র” এবং “প্রকৃতি ও জীবন ক্লাব” এর যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার এবং স্বেচ্ছাসেবকদের একটি দল বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেন।

কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার ৬,০০০ এরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করার পাশাপাশি ডাক্তারদের এই দলটি বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য সমস্যা যেমন, ডায়রিয়া, আমাশয়, পানিবাহিত অন্যান্য রোগ, এবং ত্বকের সংক্রমণসহ বিভিন্ন শারীরিক জটিলতার চিকিৎসা প্রদান করেন। সেই সাথে বন্যার কারণে সৃষ্ট মানসিক চাপ এবং উদ্বেগ মোকাবেলায়ও রোগীদের পরামর্শ দেন।
ডাক্তারদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা এলাকাবাসীদেরকে চিকিৎসা ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা, ঔষধ বিতরণে সহায়তা করা, এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজটি করেন। প্রকৃতি ও জীবনের স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মানুষের প্রাথমিক চাহিদা শনাক্ত করে সেসব পূরণের চেষ্টা করেন।

বন্যা কবলিত সংকটময় মুহূর্তে প্রকৃতি ও জীবন ক্লাব এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রের পাশাপাশি স্থানীয় জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও বন্যা মোকাবেলায় তাদেও যথাসাধ্য ভূমিকা পালন করছে। স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় জনগণের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবেলায় দেশের সাহসিকতা এবং প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশের মতো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে বন্যা একটি অপ্রতিরোধ্য বাস্তবতা। প্রতি বছরই দেশজুড়ে লাখো মানুষ বন্যার শিকার হয়ে জীবনযুদ্ধে লিপ্ত হয়। তবে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের মতো সংগঠনগুলোর উদ্যোগ প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সম্ভব।
নিজস্ব সংবাদ : 




















