দশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সুন্দরবনের ছয় হাজার বর্গ কিলোমিটারেরও বেশি বাংলাদেশ অংশে। বিশাল এ বনের পরতে পরতে যেমন রোমাঞ্চের হাতছানি তেমনি তার রূপের ঢালি। সকাল-দুপুর, সন্ধ্যা-রাত সবসময়ই সে নানান রূপে ধরা দেয়। বর্ষায় সুন্দরবনের রূপ নিয়ে কিছু না বললেই নয়। এখানে বর্ষার চরিত্র একটু ভিন্নধর্মী। রোদ বৃষ্টির লুকোচুরি এখানে খুব বেশি। এই ঝুম বৃষ্টি, আবার ফকফকা রোদ। বৃষ্টির আগে নিকষ কালো মেঘ যেমন আকাশ ঢেকে ফেলে। বৃষ্টির পরে আবার উঁকি মারে ঝকঝকে নীলাকাশ। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সুন্দরবনের গাছপালাও সজীব থাকে অন্যান্য সময়ের চেয়ে। নদী আর খালের বাঁকে বাঁকে সবুজের তীব্রতা। এই ঝুম বৃষ্টি, এই রোদ। আকাশ কখনও মেঘে ঢাকা, কখনও আবার ঝকঝকে নীলাকাশ। পর্যটকের ছিটেফোটাও নেই কোথাও। বন্যপ্রাণীদের ডরভয়ও তাই অন্যান্য সময়ের চেয়ে কম। তাই খুব কাছে থেকেই দেখা যায় নানান বন্যপ্রাণী। প্রায় ছয় হাজার বর্গকিলোমিটারেরও বেশি আয়তনের বাংলাদেশ সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা জুড়ে সুন্দরবনের অবস্থান। ‘পূর্ব’ ও ‘পশ্চিম’ দুটি বিভাগের অধীনে চারটি প্রশাসনিক রেঞ্জে ভাগ করা হয়েছে সুন্দরবনকে। রেঞ্জগুলো হল- চাঁদপাই, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা।
১৯৯৭ সালে সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য এটি। এক হিসাব মতে সুন্দরবনে বর্তমানে প্রায় সাড়ে পাঁচশ বেঙ্গল টাইগার ও ত্রিশ হাজারেরও বেশি চিত্রা হরিণ আছে। এছাড়া মায়া হরিণ, বন্য শূকর, বানর, গুঁইসাপ, ভোদর, ডলফিন, নোনাপানির কুমির, কিং কোবরা, অজগর ইত্যাদি নানান বন্যপ্রাণীর বসবাস আছে সুন্দরবনে। সুন্দরবনে প্রায় ৩৩০ প্রজাতির গাছপালা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরী, কেওড়া, পশুর, ধুন্দল, আমুর, গরান, গর্জন, খোলশী, বলা, হেতাল, গোলপাতা, টাইগার ফার্ন, হারগোজা ইত্যাদি। স্থানীয় ও পরিযায়ী মিলে সুন্দরবনে প্রায় ২৭০ প্রজাতির পাখির দেখা মেলে। এর মধ্যে বড় সাদা বক, সি ঈগল, বাজ, মাস্ক ফিঙ্কফুট, বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গা, ফিঙ্গে, সুই চোরা, কাঠঠোকরা, বন মোরগ উল্লেখযোগ্য। এছাড়া প্রায় চারশ রকম মাছ পাওয়া যায় সুন্দরবন এলাকায়।
সবুজে সবুজে যেন প্রাণ ফিরে পেয়েছে সুন্দরবন। বনকর্মকর্তারা বলছেন, বনের পরিবর্তনটা এখনই চোখে পড়ছে। ঘূর্ণিঝড় রিমালের ধ্বংসলীলা কাটিয়ে উঠতে শুরু করেছে সুন্দরবন। কয়েক সপ্তাহে টানা বৃষ্টিতে সবুজে ছেয়েছে ম্যানগ্রোভ (শ্বাসমূলীয়) বনভূমি। লোনাপানি সেচে ফেলা পুকুরগুলোতে ৩-৪ ফুট বৃষ্টির পানি জমেছে। সেখানে বাঘ, হরিণসহ অন্য প্রাণীরা পানি পান করছে। গরমে শুষ্ক আবহাওয়ায় বনে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় দাস পোকার (বড় আকারে মাছি) উৎপাত বেড়েছিল। বন্যপ্রাণীকে কামড় দিলে রক্তঝরা বন্ধ হতো না। বৃষ্টিতে সেই পোকামাকড়ের উৎপাতও কমেছে।
দুয়েক মাসের মধ্যেই ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে স্বাভাবিকতায় ফিরবে বনভূমি। বন্যপ্রাণীর জন্য টানা বৃষ্টিটা প্রয়োজন ছিল। পশ্চিম সুন্দরবন বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, রিমেলে ৩৬-৪০ ঘণ্টা সুন্দরবন পানিতে তলিয়ে ছিল। অসংখ্য বন্যপ্রাণী অতিরিক্ত লোনাপানি খেয়ে মারা গেছে। বৃষ্টিতে গরম কমে যাওয়ায় বন্যপ্রাণীর মাঝেও স্বস্তি ফিরেছে।
এ বনে রয়েছে সাড়ে ৪০০ নদী-খাল। সুন্দরী, গেওয়া, পশুর, গরান গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির গাছপালা, ১৬৫ প্রজাতির শৈবাল ও ১৩ প্রজাতির অর্কিড রয়েছে। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, মায়া হরিণ, লোনাপানির কুমির, অজগর, কচ্ছপ, বিলুপ্তপ্রায় ইরাবতী ডলফিনসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ও ৩০০ প্রজাতির পাখি রয়েছে। এই বনে আছে সর্বাধিক নয় প্রজাতির মাছরাঙা। হাঁসপাখি, শকুন, পলাশীকুড়া ঈগল, প্যারাবন সুনচা, চামচ ঠুটোরও বসবাস সুন্দরবনে। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবন ক্ষণে ক্ষণে রূপ বদলায়। ভোরের আলোতে এক রূপ, দুপুরে নিস্তব্ধতা, পড় বিকালে ভিন্ন রূপ, মধ্য গভীর রাতে আরেক রূপ। চাঁদনী রাতে নৈসর্গিক রূপ। পানিতে কুমির, ডাঙ্গায় বাঘ, সবুজের হাতছানি- রোমাঞ্চের ঢেউ তোলে প্রতি মুহূর্তে।
২০২১ সালে কমে হয় ১১ হাজার ৫০৬ বর্গকিলোমিটার। বর্তমানে আরও কমে হয়েছে ১০ হাজার বর্গকিলোমিটার। বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, একসময় বাগেরহাটের বলেশ্বর নদ, বগী নদী থেকে সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দি নদী পর্যন্ত ৫২টি নদী-খালের পাশে ম্যানগ্রোভ বন ছিল। ওইসব নদী-খাল ভরাট ও বনভূমি বিলীন হয়ে গেছে। এখন সুন্দরবন থেকে ওপরের দিকে ৩ কিলোমিটার এলাকায় বনায়ন করা হবে। ১৩০ কিলোমিটার জায়গায় বন ও খাল তৈরি করা হবে। বনের আয়তন টিকিয়ে রাখতে নতুন বন সৃজনের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ১০০ বছর আগের চেহারাটা ফিরিয়ে আনা হবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ১৩০ কিলোমিটার এলাকায় নদীতীরে সুন্দরবনের আদলে গোলপাতা, গেওয়া, কেওড়ার বন সৃজন করা হবে। ফরাসি উন্নয়ন সংস্থার অর্থায়নে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক জোট আইইউসিএন এ প্রকল্প বাস্তবায়ন করবে। বন গবেষকরা বলছেন, ১৯০৪-২৪ সালে সুন্দরবনের আয়তন ছিল ১১ হাজার ৯০৪ বর্গকিলোমিটার।
গবেষণা প্লট থেকে ২৫০টির মতো নমুনা সংগ্রহ করা হয়। এখন সিলেট, ময়মনসিংহ ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি ল্যাবে এ নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বনবিভাগ জানায়, বনের কাছাকাছি লোকালয়ের কুকুর ও বিড়ালের রক্ত নমুনা হিসেবে সংগ্রহ করা হবে। বন্যপ্রাণীর যে ধরনের সংক্রমণ হচ্ছে, লোকালয়ে প্রাণীরও একই ধরনের সংক্রমণ হচ্ছে কি না, গবেষকরা তা খুঁজে বের করার চেষ্টা করবে।সুন্দরবনে বন্যপ্রাণীর রোগ নির্ণয়ে প্রথমবারের মতো চলছে গবেষণা। নির্ণয় করা হবে বাঘ, হরিণ, বানর, শূকর ও সজারুর রোগ। জানা গেছে, সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘসহ পাঁচটি বন্যপ্রাণীর রোগ নির্ণয়ে পাঁচ সদস্যের গবেষক দল কাজ করছে। বনের ৬৫টি গবেষণা প্লট থেকে তারা নমুনা হিসেবে এসব প্রাণীর মল, পশম, হাড়, মৃত প্রাণীর রক্ত সংগ্রহ করেন।
১ জুন-৩১ আগস্ট পর্যন্ত তিন মাস প্রবেশ নিষিদ্ধ থাকলেও বনজীবীদের বনে প্রবেশ বন্ধ করা যায়নি। প্রতিনিয়ত বনে ঢুকে তারা মাছ ও কাঁকড়া শিকার করছে। বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে সহায়তা না দেওয়ায় জীবিকার তাগিদে তারা বনে ঢুকছে বলে জানা গেছে। বন কর্মকর্তারা জানান, প্রায় সাড়ে ১৮ হাজার বনজীবীর একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নিষিদ্ধকালীন বিকল্প কোনো কাজ না পেয়ে বনজীবীরা ঝুঁকি নিয়েই বনে প্রবেশ করছে। এতে এক মাসে আটক ও মালামাল জব্দের ঘটনা বেড়েছে। এসব আটকের ঘটনায় বন কর্মকর্তা ও বনজীবীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরে সুন্দরবনের পশ্চিম ও পূর্ব বিভাগে ২ লাখ ১৬ হাজার ১৪৩ জন পর্যটক ভ্রমণ করেন। এর মধ্যে বিদেশি পর্যটক ছিলেন ২ হাজার ১৪৩ জন। রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৪৮০ টাকা। ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন পর্যটক ভ্রমণ করেন। বিদেশির সংখ্যা ১ হাজার ১০৩ জন। রাজস্ব আদায় হয় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫৮০ টাকা। বর্তমানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মে মাসে ভ্রমণ করেছেন ৫০৮ জন। রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৪১ হাজার ২৪০ টাকা। ছোট বড় প্রায় ৫০টি ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সুন্দরবনে পর্যটক ভ্রমণ কাজে নিয়োজিত আছে। তবে অভিজ্ঞ ট্যুর অপারেটর ৬-৭টি।
সুন্দরবন উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর জেলা ও উপজেলা শহর এবং মোংলা বন্দর থেকে প্রতিদিন হাজার হাজার টন কঠিন ও তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। বন্দরে দেশি-বিদেশি জাহাজ ও বনের মধ্যে দিয়ে নৌযানের যাতায়াতে তেল-মবিলসহ বর্জ্য নদীর পানিতে মিশছে। এসব বর্জ্য জোয়ার ভাটার টানে সুন্দরবনে আটকা পড়ে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে সুন্দরবনে ইকো সিস্টেম ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করেছেন। বর্জ্যরে মাধ্যমে সুন্দরবন কী পরিমাণ দূষণের শিকার হচ্ছে তার পরীক্ষা বা গবেষণার ব্যবস্থা নেই। বর্ষায় সুন্দরবন ভ্রমণের উপযুক্ত জায়গা হারবাড়িয়া, কটকা, করমজল ইত্যাদি। এ সময়ে সমুদ্র ও নদী বেশি উত্তাল থাকে বলে কচিখালী, হিরণ পয়েন্ট ভ্রমণে যাওয়া নিরাপদ নয়। কটকা সমুদ্র উপকূলবর্তী এলাকা হলেও সুন্দরবনের ভেতরের ছোট ছোট নদী কিংবা খাল ধরে জায়গাটিতে পৌঁছানো যায়। বর্ষায় সুন্দরবনের গাছপালা বেশ সজীব হয়। সুন্দরবনে বৃষ্টির চরিত্রও বেশ আলাদা। বর্ষার জোয়ারের উচ্চতাও একটু বেশি হয়। এ সময়ে তাই বনের বেশিরভাগই পানিতে ডুবে যায়।
মাসুদুর রহমান 




















