বাংলাদেশের ষড়ঋতু—গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—প্রকৃতির ক্যানভাসে ভিন্ন ভিন্ন রঙের ছটা নিয়ে আসে। প্রখর গ্রীষ্মের সোনালী-লাল, বর্ষার সতেজ সবুজ, শরতের শুভ্রতা ও নীল, হেমন্তের সোনালী সোনালী ধান, শীতের কুয়াশাচ্ছন্ন ধূসর এবং বসন্তের বাহারি রঙের বিশেষ করে হলুদ, লালের সমারোহ প্রকৃতিকে প্রতি মুহূর্তে নতুন রূপে সাজিয়ে তোলে। তবে ঈষৎ শীতের আদুরে বাতাস, কোকিলের গান, নানা রঙের সমারোহে বসন্ত ঋতু যেন একটু বেশি সাজগোজ করে। ফাল্গুন মাসে আগমন করা এই ঋতুকে বলা হয় ঋতুরাজ।
বসন্ত আসে নবজীবনের বার্তা নিয়ে। ফাগুনের প্রথম দিন থেকেই গাছের শুকনো ডালগুলোয় জন্ম নেয় নতুন কুঁড়ি, আমগাছে মুকুল আসে, বাতাসে সেই মিষ্টি সুবাস ভাসে। মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ আভা ছড়িয়ে দেয় রঙের উচ্ছ্বাস, আর কোকিলের ডাক জানান দেয় বসন্তের আগমন। প্রকৃতি যেন এক নতুন প্রাণের উচ্ছ্বাসে ভরে ওঠে।

প্রকৃতির রঙের খেলা
বসন্ত মানেই রঙের ছোঁয়া। গাছের ডালে নতুন সবুজ পাতা, ফুলে ফুলে বর্ণিল সাজ, আর খোলা আকাশের নিচে বসন্তের মৃদু বাতাস—সব মিলিয়ে প্রকৃতিতে তৈরি হয় এক অনন্য রঙের মেলা।
পলাশের লাল আগুনের শিখার মতো জ্বলজ্বল করে। শিমুল ফুলের টকটকে রঙ বসন্তকে করে আরও উজ্জ্বল। কৃষ্ণচূড়ার সৌন্দর্য রঙিন করে তোলে পথের ধারে ধারে। মাধবী, বকুল, রজনীগন্ধা, গন্ধরাজ—সব মিলিয়ে বসন্ত হয় সুগন্ধে ভরা এক আনন্দময় ঋতু।

সংস্কৃতিতে বসন্ত ও হালের ভালোবাসা দিবস
বাংলা সংস্কৃতিতে বসন্ত মানেই উৎসবের আবহ। ফাল্গুন মাসের প্রথম দিন `পহেলা ফাল্গুন` উদযাপন করা হয় বর্ণাঢ্য আয়োজনে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় বসন্ত বরণ উৎসব পালন করা হয়। ফুলেল সাজ, হলুদ-কমলা রঙের পোশাকে তরুণ-তরুণীরা মেতে ওঠে বসন্তের আনন্দে।

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস আসে একইসঙ্গে। বসন্তের প্রেমময় আবহে এই দিনটি হয়ে ওঠে আরও বিশেষ। ভালোবাসার মানুষকে ফুল, উপহার, আর আন্তরিকতার মধ্য দিয়ে ভালোবাসার প্রকাশ করা হয়। বসন্ত তাই শুধু প্রকৃতির নয়, এটি হৃদয়েরও এক বিশেষ ঋতু।
সাহিত্যে বসন্ত
চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথের অজস্র গান ও কবিতায়, এবং নজরুলের বিদ্রোহ ও উচ্ছ্বাসের প্রতীক হিসেবে বসন্তের হাওয়া, কোকিলের ডাক ও পলাশ ফুলের বর্ণনা বারংবার এসেছে ।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বসন্ত’ গীতিনাট্যে (১৯২৩) সেসময়ের তরুণ কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা ও তারুণ্যকে সমর্থন এবং বসন্তের রূপক ব্যবহারের মাধ্যমে জরাজীর্ণতা, বন্দিত্ব ও রক্ষণশীলতার অবসান ঘটিয়ে নতুনের আগমন বা নতুন প্রাণের উল্লাসের ইঙ্গিত করেছেন।

‘বসন্ত’ গীতিনাট্যটি রবিঠাকুর নজরুলকে উৎসর্গ করেছিলেন যা বাংলা সাহিত্যে এক বিশেষ ঘটনা হয়ে রবে চিরকাল।
জীবনানন্দ দাশের কবিতায় বসন্ত এক বিশেষ স্থান দখল করে আছে।
এটি বাঙালির প্রাণের উৎসব দোল ও রূপ-লাবণ্যের ঋতু। বাংলার লোকসংস্কৃতি বাউল গান, পালাগান, ও কবিগানেও বসন্তের বন্দনা শোনা যায়।
বসন্তে প্রকৃতির হিসেবনিকেশ
বসন্ত কেবল আনন্দের বার্তা বয়ে আনে না, এটি আবহাওয়ার পরিবর্তনেরও সূচনা করে। শীতের বিদায়ের পর ধীরে ধীরে উষ্ণতা বাড়তে থাকে। দিন দীর্ঘ হয়, রাত ছোট হয়। কৃষিজীবীদের জন্য বসন্ত একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় ধানের শীষে মুকুল ধরে, মাঠের ফসল পেকে ওঠে, এবং কৃষকরা নতুন স্বপ্ন দেখে।
তবে বসন্তের শেষে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়, তাই এই সময় জলবায়ুর পরিবর্তনের বিষয়েও সচেতন থাকা দরকার।
বসন্ত কেবল প্রকৃতির পরিবর্তন নয়, এটি মানুষের জীবনেও নতুন বার্তা আনে। নতুন করে জেগে ওঠার শিক্ষা দেয়, আনন্দ ও উচ্ছ্বাসের উপলব্ধি বাড়ায়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার তাগিদ দেয়,
ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। বসন্ত মনে করিয়ে দেয় যে, প্রতিটি শীতের পর বসন্ত আসে, প্রতিটি দুঃখের পর সুখ আসে, এবং প্রতিটি কঠিন সময়ের পর নতুন আশার আলো জাগে।
বসন্ত মানেই নতুনের আহ্বান, রঙের খেলা, ভালোবাসার উচ্ছ্বাস। প্রকৃতি নতুন রূপ ধারণ করে, মানুষও নতুন উদ্যমে পথ চলতে শিখে। পাখির কণ্ঠে, বাতাসের স্নিগ্ধতায়, আর হৃদয়ের গভীরে বসন্তের ছোঁয়া থাকে চিরকাল। তাই, বসন্ত যখন আসে, তখন কেবল প্রকৃতি নয়, মনও আনন্দে ভরে ওঠে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















