৭ এপ্রিল, ২০২৬, অনলাইন সংবাদমাধ্যমে ভীষণ সুন্দর একটি সাপের ছবিসহ সংবাদ চোখে পড়লো। সংবাদে বলা হয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
এত সুন্দর সাপটিকে দেখে কালনাগিনী সাপ সম্পর্কে জানার আগ্রহ জাগলো। ইন্টারনেট ও বিশ্বাসযোগ্য অনলাইন সংবাদমাধ্যমগুলো ঘেঁটে যা জানা গেলো তাতে অবাকও হলাম আবার প্রশ্নও জাগলো।
অবাক হলাম এই কারণে যে কালনাগিনী নামটি ভয়ঙ্কর হলেও আদতে সাপটি বাস্তবে অতোটা বিষধর বা ভয়ানক গোছের কিছু নয়। অন্যদিকে প্রশ্ন জাগলো যে মোটামুটি নিরীহ কম বিষাক্ত একটি সাপকে কেন কালনাগিনী নাম দিয়ে ভিলেন বানানো হলো?
তো কালনাগিনী নিয়ে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে জানা গেলো:
কালনাগিনী সাপ বাংলা সাহিত্য, চলচ্চিত্র ও সংস্কৃতিতে বহুল উচ্চারিত এক নাম। বিশেষ করে বেহুলা-লখিন্দরের মিথের কারণে কালনাগিনী সাপ বাংলার মানুষের কাছে এক অন্যরকম পরিচিতি পাওয়া ভয়াল প্রাণী!

প্রাণীবিষয়ক ওয়েবসাইট এ জেড অ্যানিম্যাল এর তথ্যমতে, বাংলায় কালনাগিনী হিসেবে পরিচিত সাপটির বৈজ্ঞানিক নাম ক্রাইসোপেলিয়া অর্নাটা। ইংরেজিতে বলা হয় অরনেট ফ্লাইং স্নেক (Ornate Flying Snake)। এই সাপ কলুব্রিদে (Colubridae) পরিবারের অন্তর্গত। তবে নামের সঙ্গে উড়ার বিষয়টি থাকলেও সাপটি বাস্তবে পাখি বা বাদুড়ের মতো উড়তে পারে না। এরা শক্তি সঞ্চয়, খাদ্য শিকারে ও আত্মরক্ষায় গাছ থেকে গাছে যেতে বাতাসে ভর করে সাঁতার কেটে আগাতে পারে। এটি সাপটির বেঁচে থাকার অন্যতম দক্ষতা ও বাতাসে ভেসে বেড়াতে পারার দারুণ এক স্বকীয় বৈশিষ্ট্য। সাপটির পাঁচটির প্রজাতি সম্পর্কে জানা যায়।
কালনাগিনী কতটুকু বিষধর?
কালনাগিনীর বিষ সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এই সাপের বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয়। বরং তারা শিকারকে বশ করতে নিজেদের বিষ ব্যবহার করে। এই সাপের বিষদাঁত মুখের পেছনে থাকে। ফলে এটি সহজেই মানুষের শরীরে বিষ প্রবেশ করাতে পারে না। তবে এ সাপের কামড় হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এর ফলে আক্রান্ত স্থান ব্যথা এবং ফুলে যেতে পারে। এই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে ওষুধ হিসেবে ব্যথানাশক এবং ক্ষেত্রবিশেষে টিটেনাস দেওয়া হয়।
কালনাগিনী মূলত দিবাচর (দিনের বেলা সক্রিয়) এবং শান্ত স্বভাবের । এরা গিরগিটি, ইঁদুর, ছোট পাখি, ব্যাঙ এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে । এরা সাধারণত গাছে থাকতেই পছন্দ করে এবং খুব ভালো গাছ বাইতে পারে
সাপটির বৈশিষ্ট্য সম্পর্কে ন্যাশনাল জিওগ্রাফিক টিভির ওয়েবসাইটে বলা হয়েছে, এই সাপ মৃদু বিষধর। তাদের পেছনের বিষদাঁত মানুষের জন্য ক্ষতিকর নয়। প্রসঙ্গত, মৃদু বিষধর প্রাণী বিষ উৎপন্ন করে মূলত নিজের শিকারকে হত্যা বা দুর্বল করতে অথবা শিকারি থেকে নিজেদের আত্মরক্ষায়।

কালনাগিনী সাপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ওয়েবসাইটে প্রশ্নোত্তর খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, সাপটি কামড়ায়। তবে তারা মৃদু বিষধর। কালনাগিনী সাপ কলুব্রিদে (Colubridae) পরিবারের। এই পরিবারের অধিকাংশ সাপই ক্ষতিকর নয়। কালনাগিনী সাপও এর ব্যতিক্রম নয়। তাদের ছোড়া মৃদু বিষ কেবল তাদের ছোট শিকারের জন্য বিপজ্জনক। এই সাপের কামড়ে মানুষের সবচেয়ে খারাপ যে পরিণতির কথা চিকিৎসা সূত্রে জানা যায়, তা হলো আঙুল ফুলে যাওয়া। অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই সাপের কামড়ে কোনো সমস্যা দেখা যায়নি।
বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ফ্যাক্টপোলিশ কালনাগিনী সম্পর্কে আলোচনায় জানায়, কালনাগিনী সাপকে বৃক্ষবাসী হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ তারা অধিকাংশ সময়েই গাছে গাছে কাটায়। এরা বন-জঙ্গল ও গাছপালা ঘেরা এলাকা বসবাসের জন্য বেছে নেয়। তাদের বাগানেও দেখা যায় মাঝেমধ্যে। তাদের কামড় মানুষের জন্য বিপজ্জনক নয়। চিকিৎসাবিজ্ঞানে তাদের কামড়ে আক্রান্ত খুব অল্প ঘটনাই পাওয়া যায়। কালনাগিনীর বিষ কেবল তাদের ছোট শিকারের জন্যই বিপজ্জনক।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে কালনাগিনী সাপের কামড়ে আক্রান্ত হওয়ার কিছু ঘটনা খুঁজে পাওয়া যায়। মালয়েশিয়াতে ১৬ বছরের এক কিশোরকে কামড়ায় কালনাগিনীর পাঁচটি প্রজাতির একটি ক্রাইসোপেলিয়া প্যারাডিসি বা গার্ডেন ফ্লাইং স্নেক। কিশোরটির হাতে একাধিক কামড়ের চিহ্ন ছিল এবং আক্রান্ত হওয়ার দুই ঘণ্টা পরে তাকে হাসপাতালে আনা হলে সে তার বাঁহাতের তর্জনীতে ব্যথার কথা জানান। এ ছাড়া তার মধ্যে অন্য কোনো লক্ষণ দেখা যায়নি।
তাহলে কেন কিভাবে নাম হলো কালনাগিনী?
কালনাগিনী সাপ আসলে খুব কম বিষধর বা মৃদু বিষযুক্ত (Mildly Venomous) একটি প্রাণী হলেও এর নামের পেছনে মূলত কাজ করেছে বাংলা লোকগাথা ও সাহিত্য । এই নামকরণের মূল কারণগুলো হলো:
মনসামঙ্গলের প্রভাব: মধ্যযুগের জনপ্রিয় কাব্য ‘মনসামঙ্গল’-এর কাহিনী অনুযায়ী, দেবী মনসার নির্দেশে কালনাগিনী চাঁদ সওদাগরের ছোট ছেলে লখিন্দরকে বাসর ঘরে দংশন করেছিল। এই ধর্মীয় ও পৌরাণিক গল্পের কারণে সাধারণ মানুষের মনে সাপটির প্রতি একটি চরম ভীতি তৈরি হয়েছে, যা বাস্তবে সাপটির স্বভাবের ঠিক উল্টো।
ভুল ধারণা ও গুজব: লোকমুখে প্রচলিত আছে যে এটি অত্যন্ত প্রতিশোধপরায়ণ এবং এর বিষে মানুষের মৃত্যু অনিবার্য। এই কাল্পনিক ভয় থেকেই ‘কাল’ (মৃত্যু) ও ‘নাগিনী’ শব্দ দুটি যুক্ত হয়ে এর নাম হয়েছে কালনাগিনী।
উজ্জ্বল সৌন্দর্য: সাপটি দেখতে অত্যন্ত সুন্দর ও রঙিন । অনেক সময় সুন্দর কিন্তু বিপদজনক কোনো নারী চরিত্রকে বোঝাতেও সাহিত্যে ‘কালনাগিনী’ উপমাটি ব্যবহার করা হয়।
পৌরাণিক ও বর্তমানের কালনাগিনী কি একই?
সাহিত্যের কালনাগিনী এবং বর্তমানের কালনাগিনী একই—এর সপক্ষে গবেষকরা কিছু শক্তিশালী যুক্তি দিয়েছেন:
শারীরিক বর্ণনার মিল: মনসামঙ্গল কাব্যে কালনাগিনীকে ‘সুতানালী’ বলা হয়েছে, যার অর্থ সুতার মতো চিকন । বাস্তবেও এই সাপটি অত্যন্ত সরু এবং হালকা ওজনের হয়, যা একে সরু ছিদ্র দিয়ে যাতায়াত বা গাছের সরু ডালে চলতে সাহায্য করে ।

রঙের মিল: কাব্যে বর্ণিত কালনাগিনী ছিল অত্যন্ত রূপবতী। বর্তমানের কালনাগিনী বা ‘অরনেট ফ্লাইং স্নেক’ তার উজ্জ্বল সবুজ, হলুদ এবং লালচে ছোপযুক্ত শরীরের জন্য সারাবিশ্বেই অন্যতম সুন্দর সাপ হিসেবে পরিচিত।
ভৌগোলিক অবস্থান: মনসামঙ্গল কাব্যের প্রেক্ষাপট মূলত বাংলা অঞ্চল। কালনাগিনী বা এই উড়ন্ত সাপটি প্রাকৃতিকভাবেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন বনে বেশি দেখা যায় ।
নামের বিবর্তন ও ভুল ধারণা
সাপুড়েরা নিজেদের ব্যবসার খাতিরে এবং পৌরাণিক গল্পের ভীতি পুঁজি করে সাধারণ মানুষের মধ্যে এই সুন্দর সাপটিকে প্রাণঘাতী হিসেবে পরিচিত করেছে । গবেষণায় দেখা গেছে, আধুনিক কালনাগিনী নামটি মূলত লোকগাথার সেই ‘কাল’ (মৃত্যু) রূপ থেকেই এসেছে, যা সাপের সৌন্দর্যের সাথে ভয়ের এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি করেছে।
সহজ কথায়, গল্পের সেই ‘খল’ চরিত্রটিই কালক্রমে এই নিরীহ সাপটির পরিচয় হয়ে দাঁড়িয়েছে। গবেষকদের মতে, এটি আসলে প্রাচীন কবিদের কল্পনার এক অতিরঞ্জিত চিত্রায়ন, যার সাথে বর্তমানের সাপটির চেহারার মিল থাকলেও স্বভাবে কোনো মিল নেই।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















