ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যের পর মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আলোচনায় রয়েছে, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন, নাকি অন্তর্বর্তী সরকার তাকে অপসারণ করবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে বহাল রাখার বিষয়ে আপত্তি জানিয়ে আসছেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সরকার তাড়াহুড়ো করতে চায়নি। কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রমাণ না থাকার বিষয়ে রাষ্ট্রপতির মন্তব্যের পর ক্ষুব্ধ হয়ে ওঠে সরকার ও শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্দেহ প্রকাশ করেছেন যে, রাষ্ট্রপতির এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হতে পারে।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার এবং এটি তার শপথের লঙ্ঘন।
অন্তর্বর্তী সরকারের সমর্থক শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে তারা বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। রাতের দিকে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সেনাবাহিনীর সদস্যরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাষ্ট্রপতিকে অপসারণ সম্ভব?
সংবিধানে রাষ্ট্রপতি অভিশংসন বা পদত্যাগের বিধান রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে দুটি উপায়েই জটিলতা আছে।
সংবিধানের ৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদকে রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষমতা দেওয়া আছে। কিন্তু ৬ আগস্ট সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুতরাং সেখানে বাধা আছে।
অন্যদিকে সংবিধানের ৫৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তা গ্রহণের পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।
কিন্তু গত ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকারও কারাগারে থাকায় সেটি সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ সংবিধান অনুযায়ী হওয়া সম্ভব নয় বলেই মনে করেন সিনিয়র আইনজীবী শাহদীন মালিক।
এক সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সংসদ। কিন্তু সেটি বাতিল করা হয়েছে। আবার তার পদত্যাগেরও সুযোগ নেই। সে কারণে সংবিধান ও আইনগতভাবে তাকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।
তবে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর যে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, তাতে ‘নিয়ম বা সংবিধানের প্রশ্ন অবান্তর’ হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। সে ক্ষেত্রে সরকার চাইলে ‘জন-আকাঙ্ক্ষার আলোকে’ তাকে সরানোর ব্যবস্থা করতে পারে।
শাহদীন মালিক বলেন, সরকার পতনের আন্দোলনের সঙ্গে ছিলেন না কিংবা বিদায়ী সরকারের ঘনিষ্ঠ অনেককে সরে যেতে বলেছে সরকার। রাষ্ট্রপতির ক্ষেত্রেও তা হতে পারে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন পরিস্থিতিকে ততটা সহজ মনে করেন না। তার মতে, গণ-অভ্যুত্থানের পর সবকিছুই বাতিল করা যেত। কিন্তু তা না করে কোনোটি বাদ দেওয়া হয়েছে, কোনোটি রাখা হয়েছে বলেই জটিলতা।
তিনি বলছেন, সংবিধান স্থগিত করা হয়নি। আবার সেটি পুরোপুরি অনুসরণও করা হচ্ছে না। সব মিলিয়ে লিগ্যাল অ্যানার্কি বা আইনি নৈরাজ্য তৈরি হয়েছে। এর ফলে হয়তো অনেক কিছুই করতে হচ্ছে, যা নিয়ম মেনে হবে না।
তার মতে, সরকার তাকে সংসদ ছাড়া অভিশংসন করলে বা বাদ দিলে এখন কেউ কিছু বলবে না, কিন্তু ভবিষ্যতে আইনি প্রক্রিয়া নিয়ে কথা উঠবে।
অধ্যাপক কার্জন বলেন, অভ্যুত্থানের পরপরই আন্দোলনকারী সব দল, শ্রেণি ও পেশার প্রতিনিধি নিয়ে আলোচনার ভিত্তিতে আগের সব বাতিল করলে এখনকার সংকটের তৈরি হতো না। তখন রাষ্ট্রপতিকে পরিবর্তন করলেও বলা যেত যে জরুরি পরিস্থিতিতে জনগণের ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ডয়েচে ভেলেকে বলেন, এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই। ফলে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন। এখানে একটা শূণ্যতা আছে। এই ক্ষেত্রে একমাত্র পথ হলো ডকট্রিন অব নেসেসিটি। নেসেটিটি এটাকে লিগ্যাল করে। তত্ত্বাবধায়ক সরকারের মামলার যে রায় আছে সেখানে এই কথাই বলা হয়েছে। আর তাকে অভিসংশনের কোনো সুযোগ নাই, যেহেতু পার্লামেন্ট নাই। পার্লামেন্ট ছাড়া তো আর অভিসংশন হবে না।
এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সিনিয়র আইনজীবী হাসনাত কাইয়ুম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলেন, এখন অস্বাভাবিক সরকার কাজ করছে, তাই সংবিধানের মাঝ দিয়ে বৈধতা-অবৈধতা সাংবিধানিক পদ্ধতিতে খুঁজে পাওয়া কঠিন।
তার মতে, অন্তর্বর্তী সরকার যেভাবে বৈধতার জন্য আপিল বিভাগ থেকে রেফারেন্স (প্রাসঙ্গিক মতামত বা সুপারিশ) নিয়ে এসেছে, ঠিক একইভাবে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়েও রেফারেন্স নিতে পারে। বিদ্যমান আইনি কাঠামোয় এ ছাড়া আর কোনো ব্যবস্থা নেই।
ডেস্ক রিপোর্ট 




















