দেশে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির পর সরকার এবার অন্যান্য কাজে ব্যবহারে বিদ্যুৎচালিত বাস বা ই-বাস ও ট্রাক আমদানিতেও বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে।
রোববার মন্ত্রিসভার বৈঠকে এসব বাহনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে অন্যান্য শুল্ক অব্যাহতির সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎচালিত নতুন বাস ও ট্রাক আমদানিতে মোট করভার ১৫ শতাংশ রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎচালিত বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৯৩ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে।
মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন বিদ্যুতচালিত বাস আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে।
“একইসঙ্গে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই সুবিধা দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।”
এর আগে গত ৩০ এপ্রিল দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেয় সরকার। এতদিন এসব বাস আমদানিতে ৬১ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক-কর ছিল।
প্রকৃতিবার্তা ডেস্ক 











