কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে তার বাড়িতে যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। ড. মুহাম্মদ ইউনূস শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি হেলিকপ্টারযোগে আবু সাঈদের বাড়ির উদ্দেশে রওনা দেন।
আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি তার কবর জিয়ারত করেন।
আজ শনিবার (১০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রংপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আমি রংপুর আসছি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
নিহত আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে গ্রামের মকবুল হোসেনের ছেলে। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
নিজস্ব সংবাদ : 




















