নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল তার দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। কমলের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
কেপি শর্মা বলেন, ‘তিনি খুব উচ্চস্বরে আমাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিতে বলছেন। আমি বলতে চাই- আপনি ভালো করে শিক্ষা নিন।’
তিনি নেপালে মাওবাদি সংঘাতের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘আমি কী ভয় সঞ্চার করতে ১৭ হাজার মানুষকে হত্যা করেছি? কারও মনে ভয় ঢুকাতে আমি কী ডাকাতি করেছি? আমার ভয়ের কিছু নেই।’
বাংলাদেশের মতো পরিস্থিতি নেপালে হবে না জানিয়ে ওলি বলেন, ‘বর্তমান নেপালে কোনো অব্যবস্থাপনা নেই। বাংলাদেশে কিছু হয়েছে মানে এই নয় নেপালেও হবে। নেপাল অন্য কোনো দেশের ফটোকপি নয়; এটির নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য আছে।’
গত শুক্রবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নিন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও শেখ হাসিনা সরকারের পতন থেকে কিছু শিখুন।’
ডেস্ক রিপোর্ট 










