অস্ট্রিয়ার উদ্ভাবনী প্রতিষ্ঠান সাইক্লোটেক এমন এক নতুন উড়ন্ত ট্যাক্সি তৈরি করছে, যা প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ হয়ে উঠতে পারে। “ব্ল্যাকবার্ড” নামের এই ট্যাক্সি দেখতে অনেকটা কাল্পনিক চরিত্র ব্যাটম্যানের বিখ্যাত ব্যাটকারের মতো। বিশেষ ধরনের প্রপালশন সিস্টেমের জন্য এটি যেকোনো দিকে ঘুরতে ও চলতে সক্ষম।
সাইক্লোটেকের প্রকৌশলীরা টাগবোট ও ফেরির ব্যবহৃত প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে ব্ল্যাকবার্ডের নকশা তৈরি করেছেন। তাদের প্রধান প্রযুক্তি কর্মকর্তা, তাহসিন কার্ট, জানিয়েছেন যে, এই উড়ন্ত ট্যাক্সিতে বৃত্তাকার এক অভিনব ডিভাইস ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির মধ্যে রয়েছে ছোট ছোট প্রপেলার ব্লেড, যা প্রপালশন এবং স্টিয়ারিং—দুই কাজেই ব্যবহার করা হয়।
এই প্রযুক্তি ট্যাক্সিটিকে বায়ুর গতি ও দিক দ্রুত পরিবর্তন করতে সাহায্য করে। ফলে এটি অনেক বেশি নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিকূল আবহাওয়াতেও স্থিতিশীল থাকে। যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে বিশেষ রোটর ডিজাইন তৈরি করা হয়েছে, যা উড়ন্ত ট্যাক্সিকে আরও কার্যকর করে তুলেছে।
ব্ল্যাকবার্ড প্রচলিত উড়ন্ত গাড়ির তুলনায় সরাসরি উড্ডয়ন করতে পারে। প্রাথমিক মডেলটি সর্বোচ্চ ৭৫০ পাউন্ড ওজন বহন করতে সক্ষম এবং ঘণ্টায় ১১৮ কিলোমিটার গতিতে চলতে পারে। এই বৈশিষ্ট্যগুলো এটিকে ভবিষ্যতের পরিবহন হিসেবে উজ্জ্বল সম্ভাবনার পথ দেখাচ্ছে।
সাইক্লোটেকের লক্ষ্য, ২০২৫ সালের শুরুর দিকেই ব্ল্যাকবার্ডের পূর্ণাঙ্গ সংস্করণ উড্ডয়নের উপযোগী করে তোলা। এটি কেবল প্রযুক্তিগত দক্ষতারই নিদর্শন নয়, বরং ভবিষ্যতের শহর পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।
ডেস্ক রিপোর্ট 




















