দীর্ঘ এক যুগ পর আবারও স্পেন মাথায় তুলল ইউরো চ্যাম্পিয়নের মুকুট। ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা আরও বাড়িয়ে স্পেন পুরো ইউরোপে লাল উচ্ছ্বাস ছড়ালো । ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনাল জিতলো স্প্যানিশরা।
শুরুর গতিহীন,এলোমেলো ফুটবল পাল্টে গেল ম্যাচের বিরতির পর। স্প্যানিশ ফুটবলাররা এগিয়ে গিয়ে আক্রমণের ঝড় তোলে ইংলিশদের বিরুদ্ধে । ওই ঝড়ের মাঝেই ইংল্যান্ডের আশা হয়ে দাড়িয়েছিলেন কোল পালমার। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই দুর্দান্ত গোলে আনলেন সমতা। তবে এই স্প্যানিশ ফুটবলাররা অন্য ধাঁচে গড়া। খেই না হারিয়ে, স্নায়ুচাপ ধরে রেখে শেষ দিকে আরেকবার জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করল স্পেন ।
নিকো উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ার পর এক গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান কোল পালমার। তবে শেষদিকে তাদের ইংলিশ চোখে জল এনে স্পেনের হয়ে ব্যবধান বাড়ান মিকেল ওইয়ারসাবাল।
স্পেন ও জার্মানির এতদিন সর্বোচ্চ ইউরো জয়ের রেকর্ড ছিল যৌথভাবে । চতুর্থবার চ্যাম্পিয়ন হয়ে সেটা নিজের করে নিল স্প্যানিশরা গতিময় ও নান্দনিক ফুটবলের পসরা মেলে ধরে ।
ইংলিশদের শিরোপা জয়ের অপেক্ষাটা স্পেন আরও বাড়িয়ে দিল । সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে একটা ট্রফির অপেক্ষায় থাকা ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ইউরোর রানার্সআপ হলো।
নিজস্ব সংবাদ : 




















