রাজধানী ঢাকার মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রবিবার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- আব্দুল খলিল (৪০), রুমা আক্তার(৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (০৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, “আমাদের এখানে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ ৭ জন এসেছে। তাদের মধ্যে আব্দুল খলিলের ৯৫% দগ্ধ, আব্দুল্লাহর ৩%, মোহাম্মদের ৩৫% দগ্ধ হয়েছে। এই ৩ জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি ৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
ডেস্ক রিপোর্ট 










