নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৬ এপ্রিল) কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার ওচখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এলাকার দুটি দোকান ও তিনটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের উপস্থিতিতে দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা দেয়া হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং পলিথিন সংরক্ষণ করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকৃতিবার্তা ডেস্ক 










