আট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ জানুয়ারি জারি করা আটজন উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো। তবে কি কারণে বদলির আদেশটি বাতিল করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল এনে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০ জানুয়ারি বরগুনা পাথরঘাটার ইউএনও ইসরাত জাহানকে ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগরের ইউএনও মো. আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তারকে বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবলের ইউএনও লিটন চন্দ্র দে-কে চুয়াডাঙ্গার জীবননগর, বগুড়ার ধুনটের ইউএনও প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবল, ফরিদপুরের নগরকান্দার ইউএনও মেহরাজ শারবীনকে নেত্রকোনার কলমাকান্দা, নেত্রকোনার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া এবং ভোলার চরফ্যাশনের ইউএনও মো. লোকমান হোসেনকে বরগুনার পাথরঘাটার ইউএনও হিসেবে বদলি করা হয়েছিল।
বদলি করা এ কর্মকর্তাদের ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই তারিখের অপরাহে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছিল।
প্রকৃতিবার্তা ডেস্ক 










