জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর শুভসূচনা করা হয়েছে। ২ জুন রবিবার সকালে জিটি স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ, বিতরণ ও প্রকৃতি শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক, স্কুলের প্রধান শিক্ষক মো. সিবরুল ইসলাম প্রমুখ।

জিটি স্কুলে বৃক্ষরোপণ শেষে অতিথিরা মিলে বঙ্গবন্ধুর সমাধিস্থল সংলগ্ন লেকপাড়ে বৃক্ষরোপণ করেন। মুকিত মজুমদার বাবুর পরিচালনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে দোয়া ও মোনাজাত পাঠ করেন। এরপর সমাধিস্থলের বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর প্রকৃতিভাবনা বিষয়ক অনুষ্ঠানের চিত্রধারণ করা হয়।

২০২৩ সালের বর্ষা মৌসুমে সারাদেশে প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১০ লক্ষাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ বছরও দেশব্যাপী ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি পালন করা হবে। টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণের মাধ্যমে এই বছরের কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বহুমুখী কাজ পরিচালিত হচ্ছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে ২০২২ সালের ৫ জুন গঠন করা হয় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলায় ক্লাবের শাখা গঠিত হয়েছে।

দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই এই ক্লাবের উদ্দেশ্য। ক্লাবের কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, পরিবেশ-প্রকৃতি ও জলবায়ু বিষয়ক ভিডিওচিত্র, আলোকচিত্র, বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পাঠচক্র, সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি, অভিনয় ইত্যাদি। এ ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত মানুষের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক 










