মিয়ানমারে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন চার হাজার ৮৫০ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরে উৎপত্তি হয় ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের। এর প্রভাবে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩৩ তলা একটি ভবন ধসে পড়েছে রাজধানী শহর ব্যাংককে। সব মিলিয়ে এখনও পর্যন্ত থাইল্যান্ডে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাগাইং শহরে প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের আগেই দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম সহজ করতে গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। গত বুধবার (২ এপ্রিল) শুরু হওয়া এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দেশটির জান্তা সৈন্যরা। যদিও জান্তা বাহিনী জানিয়েছে, গাড়িটিকে থামার নির্দেশ দিতে ফাঁকা গুলি চালানো হয়। এ ঘটনায় হতাহত হননি কেউ।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















