দিন দিন ধ্বংস হচ্ছে গাছ। গাছের অভাবে ধ্বংসের মুখে পৃথিবী। আর সেটা রোধ করতেই এবার গাছের জরুরি সেবায় চালু হয়েছে অ্যাম্বুলেন্স। বিশ্বে গাছের সংখ্যা বাড়ানোই তাদের উদ্দেশ্য। তাই সম্প্রতি ‘বিশ্ব জীববৈচিত্র দিবস’ উপলক্ষে ভারতে শুরু হয়েছে ‘গাছের অ্যাম্বুলেন্স পরিষেবা’!
গাছের পরিচর্যায় অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতের কোচবিহারের এক বৃক্ষপ্রেমী। গাছ লাগানো ও পরিচর্যা করা যার একমাত্র নেশা। তার তৈরি ‘পরিবেশপ্রেমী’ সংগঠন বানিয়েছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স মানুষ কিংবা পশুদের জন্য নয়। বিশেষ এই অ্যাম্বুলেন্স তৈরি হয়েছে গাছের জন্য। এই অ্যাম্বুলেন্সে রয়েছে ২৬ রকমের যন্ত্রপাতি।
উত্তরবঙ্গে এই প্রথম ‘ট্রি অ্যাম্বুলেন্স’ পরিষেবা শুরু করার উদ্যোগ নেয় সংগঠনটি। পরিবেশপ্রেমী সংস্থা কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু করবে।

কোথাও গাছ ‘বিপদে’ পড়লে ঘটনাস্থলে ছুটে যাবে অ্যাম্বুলেন্স। অর্থাৎ কোথাও ঝড়ে গাছ পড়ে গেলে কিংবা পরিচর্যার অভাবে ধুঁকতে থাকা গাছের শুশ্রূষা করা হবে যত্নের সঙ্গে।
এই অভিনব কাজের অন্যতম উদ্যোক্তা বিনয় দাস জানান, অনেকেই গাছ রোপণ করেন, কিন্তু পরবর্তীতে সেই গাছের আর খোঁজখবর রাখেন না। তাই গাছের পরিচর্যা ও সংরক্ষণে অ্যাম্বুলেন্স সেবা কয়েকদিনের মধ্যেই শুরু হবে। ফলে দ্রুত সকল গাছের পরিচর্যা করা সম্ভব হবে।
নিজস্ব সংবাদ : 










