পবিত্র ঈদুল আযহায় ঈদযাত্রা নিরাপদ ও যাত্রী ভোগান্তি কমাতে বরিশালের গৌরনদীর পরিবহন কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৯ জুন দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাস কাউন্টারগুলোতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খানের আদালত।
এসময় বাস কাউন্টারগুলোতে সিটের ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে তিনটি কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও হাইওয়ে থানার এসআই অমিত দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সহকারী শিপন মিয়াসহ প্রমুখ।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.আবু আব্দুল্লাহ খান বলেন, ঈদুল অযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক কাউন্টারে গাড়ীর সিটের ভাড়ার তালিকা টানানো নেই যার জন্য তাদের জরিমানা করা হয়।
বরিশাল প্রতিনিধি 












