ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুত শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো ১১ জন নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল-কুতের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, একটি পাঁচতলা ভবন আগুনে সম্পূর্ণ পুড়ে যাচ্ছে এবং আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
আল-কুত শহরে একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আগুনে মৃতদের মধ্যে ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়ার তালিকা আমরা তৈরি করেছি। তবে একটি মরদেহ এতটাই পোড়া যে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।’
প্রদেশের গভর্নরের বরাতে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, অগ্নিকাণ্ডের তদন্ত চলছে এবং প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
নিজস্ব সংবাদ : 




















