আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া আহত অন্তত ৫০০ জন। স্থানীয় সময় গতকাল রোববার রাতে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনবার আফটার শক অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তুর্কি সংবাদসংস্থা আনাদোলুকে জানিয়েছেন যে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। তিনি বলেন, নিহত ও আহতদের সংখ্যা চূড়ান্ত নয় কারণ কর্মকর্তারা এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন।
তিনি জানান, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধারকারী দলগুলোর ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















