আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে যেন বিঘ্ন না ঘটে, একইসঙ্গে নিরাপত্তার কারণে ঢাকা মহানগরীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই আদেশ পরীক্ষা শুরুর দিন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ঢাকায় এবার এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৮০টি। পরীক্ষার কেন্দ্রমুখী যেসব রোড রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। এছাড়া পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মত পৌঁছাতে পারে সে জন্য সংশ্লিষ্ট এলাকার সড়কে পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা শহরের রাস্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম কাজ করবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন রাস্তায় থাকবে। যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে সেখানে কুইক রেসপন্স টিম পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর কাজ করবে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সে প্রচেষ্টায় থাকবে ট্রাফিক পুলিশ। এছাড়া প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলতে দেওয়া হবে না।
পরীক্ষার্থীদের জন্য ডিএমপির ১৯ পরামর্শ
১. পরীক্ষার হলে রওনা দেওয়ার পূর্বে অবশ্যই প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নিন।
২. পরীক্ষার শুরুর আগে কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে নিন এবং আপনার বাসা থেকে কোন রুটে
যেতে হবে তার পরিষ্কার ধারণা নিন।
৩. পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকগণকে সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।
৪. বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায় ।
৫. যে সকল সড়ক পারাপারে রেল ক্রসিং আছে তা বিবেচনা করে বাসা হতে সময় নিয়ে রওনা দেওয়া জরুরি।
৬. আপনার বাসার বা পরীক্ষা কেন্দ্রের আশ-পাশের সড়কে যদি কোনো খুড়াখুড়ি বা মেরামত কাজ চলে তবে তা বিবেচনায় নিয়ে সময় মত রওনা দিতে হবে।
৭. পরীক্ষার্থী ও অভিভাবকগণকে সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচলের অনুরোধ করা হলো।
৮. কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করবেন না।
৯৷ যে সকল পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবেন তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে
হেলমেট পরিধান করবেন।
১০. পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
১১. ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকুন, প্রয়োজনে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন এবং পুলিশের সহায়তা নিন।
১২. রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে ব্যবহার করুন।
১৩. পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করার জন্য অনুরোধ করা হলো।
১৪. পরীক্ষার্থী ও অভিভাবকগণ পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্যান্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তাই পরীক্ষার্থী ও অভিভাবকগণকে কেন্দ্রের সম্মুখে প্রধান গেইটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো।
১৫. পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন।
১৬. গত ১ বছরে মেট্রোরেল, এলিভেডেট এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য
অবদান রেখেছে। যা পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন রাখতে পারে।
১৭. ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম (QRT) গঠন করা হবে এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হবে।
১৮. বর্তমানে বর্ষাকাল চলছে বিধায় অবশ্যই ছাতা, রেইনকোর্ট কিংবা বৃষ্টি হতে রক্ষার প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে নিয়ে বাসা হতে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।
১৯. যে কোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করুন।
নিজস্ব সংবাদ : 




















