সময়টা বর্ষাকাল, বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মশা । বাড়িতে মশার উপদ্রব বেড়ে গেলে ডেঙ্গু-ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়। মশার কামড় থেকে বাঁচার উপায় হিসেবে আপনি সহজেই বেছে নিতে পারেন নানা উপায়; যেমন- মশা মারার কয়েল কিংবা স্প্রে। কিন্তু এই সব রাসয়নিক উপায় বেছে নেওয়ার থেকে সমানভাবে কার্যকর কিছু প্রাকৃতিক উপায় গ্রহণ করতে পারেন।
মশাবাহিত নানা রোগের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে লাগাতে পারেন মশা প্রতিরোধক নানা জাতের গাছ। বাড়িতে এসব গাছের উপস্থিতিতে মশার আনাগোনা অনেকটা কমিয়ে দেবে।
আসুন জেনে নিই কোন গাছগুলো থাকলে বাড়ি মশামুক্ত থাকবে –

রোজমেরি
এটি চিরহরিৎ গুল্ম জাতীয় গাছ। এই গাছ থেকে একটু কড়া গন্ধ বেরোয় ঠিকই কিন্তু তা মশাদের দূরে রাখে, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে।

লেমনগ্রাস বা লেবুঘাস
মশা তাড়াতে লেমনগ্রাস বা লেবুঘাস গাছ অত্যন্ত কার্যকরী। এই গাছের সঙ্গে থাকে দূর্বাঘাস, যা মশা তাড়ানোর একটি প্রাকৃতিক উপাদান। এই গাছ থেকে নির্গত গন্ধ মশা তাড়াতে খুব উপযোগী।

গাঁদাফুল গাছ
গাঁদা ফুলের তীব্র রঙ এবং গন্ধ মশাকে দূরে রাখে।গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনো পোকা-মাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগানো মশা, মাছি, পোকা-মাকড় থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে

তুলসী গাছ
তুলসী পাতায় থাকা ‘সিট্রোনেলাল’ নামক উপাদান মশাকে দূরে রাখে। তুলসী গাছ ঘরে রাখা ছাড়াও, পাতা ঘষে ত্বকে মাখলেও মশা তাড়ানো যায়। এই গাছের কড়া গন্ধ মশার সঙ্গে অন্যান্য পোকামাকড়দেরও ঘর থেকে দূরে রাখে।

পুদিনা গাছ
পুদিনা তার অভিনব আর রিফ্রেশিং স্বাদের জন্য যেমন আমাদের কাছে খুব প্রিয় ঠিক তেমনি এই গাছ মশা তাড়াতেও সমানভাবে কার্যকরী। এই গাছ আপনি আপনার ঘরের ভিতরে বা বাইরে যে কোনও জায়গায় বসাতে পারেন।

রসুন
মশা তাড়ানোর একটি অন্যতম প্রাকৃতিক উপায় হল রসুন। রসুনের ছোট ছোট পিস করে যেখান থেকে আপনার ঘরে মশা ঢোকে সেখানে রেখে দিতে পারেন অথবা রসুনের রস বের করে ঘরের গাছে স্প্রে করতে পারেন। তা আপনার ঘরকে মশামুক্ত রাখতে সাহায্য করবে।

লেমন বাম
পুদিনা জাতীয় আরও একটি গাছ মশা তাড়াতে খুব কার্যকরী যার নাম লেমন বাম বা ‘হর্সমিন্ট’। এর একটি অভিনব স্বাদ আর গন্ধ মশাকে আপনার ঘর থেকে দূরে সরিয়ে রাখবে।

ল্যাভেন্ডার
মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছও বেশ উপকারী। বাড়িতে এ গাছ থাকলে এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারে না। ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই সামান্য রৌদ্রজ্জ্বল স্থানে এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ বিরক্তিকর পতঙ্গসহ মশাকেও তাড়াবে অনায়াসেই।
শারমিন সীমা 










