পৃথিবীর বুকে প্রথম কবে, কারা ঘাস-লতা খাওয়া শুরু করেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের ধারণা পুরোপুরি বদলে দিয়েছে কানাডার নোভা স্কোশিয়া প্রদেশের এক জীবাশ্ম। সম্প্রতি সেখানে আবিষ্কৃত হয়েছে ৩০ কোটি ৭০ লাখ বছর আগের এক অদ্ভুত প্রাণীর মাথার খুলি। যার নাম দেওয়া হয়েছে ‘টিরান্নোরোটার হেবার্টি।’
গবেষকরা বলছেন, এই প্রাণীটিই এখন পর্যন্ত জানা পৃথিবীর সবচেয়ে প্রাচীন পূর্ণাঙ্গ তৃণভোজী (উদ্ভিদভোজী) স্থলচর মেরুদণ্ডী প্রাণী।
রয়টার্স লিখেছে, পৃথিবীর প্রাচীনতম তৃণভোজী বা উদ্ভিদভোজী ডাঙার মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অন্যতম এ প্রাণীটিকে প্রাণিজগতের বিবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণ হিসেবে ধরা হচ্ছে।
প্রাণীটির গণ বা বংশের নাম ‘টিরান্নোরোটার’, যার অর্থ ‘অত্যাচারী খননকারী’। সেই সময়ের তুলনায় এর বড় আকার ও মাটিতে গর্ত করে বাস করার ধারণা থেকেই এই নাম। আর এর প্রজাতির নাম ‘হেবার্টি’ রাখা হয়েছে নোভা স্কোশিয়ার কেপ ব্রেটন দ্বীপের পাথুরে পাহাড়ে এই জীবাশ্মটির সন্ধানকারী গবেষক ব্রায়ান হেবার্টের সম্মানে।
‘টিরান্নোরোটার হেবার্টি’ দেখতে অনেকটা সরীসৃপের মতো হলেও এটি আসলে ‘মাইক্রোসর’ নামের একটি বিশেষ প্রাণিগোষ্ঠীর সদস্য। এদের বিস্তার ‘টেট্রাপড’ বংশে, যারা আজকের সব উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী ও পাখির পূর্বপুরুষ। এর মাথার খুলির গড়ন ছিল অনেকটা ত্রিভুজের মতো, যা শক্ত লতাপাতা চিবোনোর জন্য চোয়ালের শক্তিশালী পেশি তৈরিতে সাহায্য করত। মুখের ভেতরের দাঁতের বিশেষ বিন্যাস গাছপালা পিষে বা চিবিয়ে খাওয়ার জন্য ছিল অত্যন্ত উপযোগী।
গবেষকরা ধারণা করছেন, প্রাণীটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ ইঞ্চি। এর দেহ ছিল বর্তমান সময়ের নীল জিভওয়ালা এক প্রজাতির টিকটিকির (ব্লু-টাংড স্কিংক) মতো শক্তপোক্ত ও স্থূল গড়নের।
পৃথিবীর ইতিহাসে কার্বনিফেরাস যুগে বাস করত এই প্রাণী। তখন বিশাল ঘন জঙ্গলে ভরা ছিল পৃথিবী। শুরুতে পানি ছেড়ে ডাঙায় ওঠা প্রথম মেরুদণ্ডী টেট্রাপডরা ছিল মাংসাশী। পরে তাদের কেউ কেউ পতঙ্গভোজী হয়। এই গবেষণা বলছে, পতঙ্গ খাওয়ার মাধ্যমেই প্রাণীদের পেটে সম্ভবত সেই বিশেষ ব্যাকটেরিয়া প্রবেশ করে, যা পরে আঁশযুক্ত শক্ত উদ্ভিদ হজমের জন্য জরুরি ছিল। আর এই বিবর্তনেরই এক অনন্য ফল ‘টিরান্নোরোটার’, যারা সরাসরি উদ্ভিদ খাওয়া শুরু করেছিল।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে আগে ‘মেলানেডাফোডন’ নামে আরেকটি সমসাময়িক প্রাণীর সন্ধান মিলেছিল, যা পতঙ্গের পাশাপাশি নরম গাছপালা খেত। কিন্তু ‘টিরান্নোরোটার’র মাথার খুলির গঠন অনেক বেশি শক্ত গাছপালা চিবোনোর উপযোগী, যা একে অনন্য করে তুলেছে।
এতদিন ধারণা ছিল, কার্বনিফেরাস যুগের একেবারে শেষ প্রান্তে প্রায় ২৯ কোটি ৯০ লাখ বছর আগে প্রথম প্রকৃত তৃণভোজী মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটে। কিন্তু এই নতুন আবিষ্কার সেই সময়সীমাকে আরও প্রায় ৮০ লাখ বছর পিছিয়ে দিয়েছে।
শিকাগোর ফিল্ড মিউজিয়ামের জীবাশ্মবিদ ও গবেষণার সহ-লেখক আরজান ম্যান বলেন, এটি প্রমাণ করে, আজকের পৃথিবীর প্রাণীজগতে তৃণভোজীদের যে আধিপত্য ও ভারসাম্য আমরা দেখি, তার গোড়াপত্তন ঘটেছিল কার্বনিফেরাস যুগেই। টিরান্নোরোটার হচ্ছে তারই জীবন্ত নিদর্শন।
অটোয়ার কার্লটন ইউনিভার্সিটির প্রধান গবেষক হিলারি ম্যাডিনের মতে, এর নিচের দিকে বাঁকানো নাক ও মুখের তালুতে থাকা মোচাকৃতি দাঁতের বিন্যাস একে শক্ত উদ্ভিদ খাওয়ার উপযোগী করে তুলেছিল, যা বিবর্তনের ধারায় এক বিরল বৈশিষ্ট্য।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















