সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ পুনরুদ্ধার উদ্যোগ বাস্তবায়নে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল), যা ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ।
‘ম্যানগ্রোভ রিস্টোরেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (এমআরসিপি)’ শীর্ষক এ কর্মসূচিটি সাতক্ষীরা ও পার্শ্ববর্তী এলাকায় বাস্তবায়ন করা হবে।
এই যৌথ পথচলা উপলক্ষ্যে ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং ইস্টার্ন ব্যাংকের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম।
ইবিএল বলছে, এ অংশীদারত্বের আওতায় বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ বনায়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা ব্যবস্থার মাধ্যমে তাদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা হবে। প্রকল্পটি জীববৈচিত্র্য হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের মতো বিরূপ প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ‘পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালা আমাদের কার্যক্রমের মূল ভিত্তি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ঝুঁকি হ্রাসে অর্থবহ অবদান রাখছি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করছি।’
অন্যদিকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কেবল একটি বন নয়; এটি জলবায়ু দুর্যোগের বিরুদ্ধে বাংলাদেশের প্রাকৃতিক ঢাল। এ অংশীদারত্বের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা চালানো হবে। এছাড়া উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আরো সহনশীল ভবিষ্যৎ গড়তে তাদের ক্ষমতায়নে সহায়তা অব্যাহত রাখা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার শামীম আহমেদ; অ্যাডমিনিস্ট্রেটর ও সিএফও মো. আহমাদুল হক; সিনিয়র এক্সিকিউটিভ মাহফুজ-উল-হক বান্না এবং ডিরেক্টর অব ফটোগ্রাফি আমিনুল ইসলাম স্বপন।
অন্যদিকে ইস্টার্ন ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং রিয়াদ মাহমুদ চৌধুরী; কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন; হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) মো. আব্দুস সালাম; হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা এবং হেড অব সিআরএম মোস্তফা সারওয়ার।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















